ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
ইসরায়েলের দিকে নিক্ষেপিত কোনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র প্রতিহত করেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। একজন মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা সিএনএনকে আরও জানান, অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছিল।
এবারের পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। কেননা এর আগে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল।
তবে এ তথ্য ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার করা দাবির সঙ্গে সাংঘর্ষিক। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বা প্রতিরক্ষায় ভূমিকা রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে দুই দফা আলোচনা করেন।
রবিবার ইসরায়েল যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালালে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরবর্তীতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একাধিক দফা বিমান হামলা চালায়।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার পর ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পদ থাকা অন্যান্য আঞ্চলিক দেশেও পাল্টা আক্রমণ চালায়।
গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর বাস্তবায়ন এবং পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিরোধের কারণে পরবর্তী আলোচনায় অচলাবস্থা দেখা দেয়।
