ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যেকোনো মুহূর্তে ইরানে হামলা শুরু হলে যোগ দিতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী
যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে হামলা চালায়, তবে ইসরায়েlলি বাহিনী তাতে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে কান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে হামলা চালায়, তবে ইসরায়েল সেই অভিযানে সরাসরি অংশ নেবে। এবারের হামলার প্রধান লক্ষ্য হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে ফোনালাপ হয়। এই আলাপকালেই দুই নেতা ইরানের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নতুন করে সংঘাত শুরুর প্রস্তুতির অংশ হিসেবেই সামরিক বাহিনীকে 'হাই অ্যালার্ট'-এ রাখা হয়েছে। ইসরায়েল আশা করছে, যে কোনো হামলার আগে ওয়াশিংটন তাদের আগাম বার্তা দেবে। তবে হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চ্যানেল ১২ আরও জানিয়েছে, ট্রাম্প বর্তমানে ইরানের সাথে নতুন করে যুদ্ধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন। বিশেষ করে চীনের পক্ষ থেকে ট্রাম্পকে সামরিক সংঘাত এড়ানোর জন্য বড় ধরণের চাপ দেওয়া হচ্ছে।
