তামিলনাড়ুতে সরকার গঠন আটকে দিলেন গভর্নর, আজ শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের
সরকার গঠন নিয়ে শুক্রবার দিনভর শ্বাসরুদ্ধকর রাজনৈতিক নাটক মঞ্চস্থ হলো ভারতের তামিলনাড়ুতে। মুহূর্তের ব্যবধানে বদলে গেল সমর্থনের সমীকরণ। একসময় সরকার গঠন প্রায় নিশ্চিত হয়ে গেলেও শেষ মুহূর্তে এসে ফের সংখ্যাগরিষ্ঠতার মারপ্যাঁচে আটকে গেলেন অভিনেতা-রাজনীতিবিদ 'থালাপতি' বিজয়।
কংগ্রেস এবং বামপন্থি দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বিজয়ের দল তামিলাগা ভেটরি কালাগামের (টিভিকে)। শুক্রবার বিকালে দলগুলো টিভিকেকে সমর্থনও জানায়। কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র আর্লেকার সন্তুষ্ট হননি। বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি—এমন কথা বলে তিনি টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি। ফলে শনিবার বিজয়ের শপথ গ্রহণ হচ্ছে না।
কংগ্রেস ও বামেদের সমর্থন মেলায় পরিস্থিতি অনুকূল মনে হলেও শেষ মুহূর্তে আরেক দল আইইউএমএল সরে দাঁড়ানোয় এবং ভিসিকে শেষ মুহূর্তে অবস্থান স্পষ্ট না করায় এখনও অনিশ্চিত রয়ে গেছে কখন তিনি সরকার গঠন করতে পারবেন।
সূত্রমতে, ২৩৪ সদস্যের বিধানসভায় এখনও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেনি টিভিকে। গতকাল তৃতীয় দফায় গভর্নরের সঙ্গে দেখা করেন বিজয়। দুই বাম দল সিপিআই ও সিপিআই (এম)-এর পক্ষ থেকে 'নিঃশর্ত সমর্থন' মেলার পরই সরকার গঠনের দাবি জানান তিনি। বিধানসভায় এ দুই বাম দলেরই দুজন করে বিধায়ক রয়েছেন।
তবে বিজয়ের দল ১০৮টি আসন জিতলেও এখনও পর্যন্ত ভিসিকে স্পষ্ট সমর্থন জানায়নি। গভর্নরকে দেওয়া টিভিকের স্মারকলিপিতে ভিসিকের কোনো চিঠি ছিল না।
কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন থাকলেও বিজয়ের দল ম্যাজিক অঙ্ক থেকে সামান্য দূরেই আটকে গেছেন। বিজয় নিজে দুটি আসনে লড়ে দুটিতেই জিতেছেন। নিয়ম মেনে ফল ঘোষণার ১৪ দিনের মধ্যে একটি আসন তাকে ছাড়তে হবে।
ফলে শুক্রবার রাত পর্যন্ত বিজয়ের জোটের ঝুলিতে রয়েছেন ১১৭ জন বিধায়ক। ভিসিকের দুই বিধায়ক যোগ দিলে সেই সংখ্যা দাঁড়াবে ১১৮—যা সংখ্যাগরিষ্ঠতার ঠিক উপরে।
এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাই জানান, তাদের দুটি মন্ত্রিত্ব ও একটি রাজ্যসভা আসনের প্রস্তাব দিয়েছে টিভিকে। দুই বাম দলই জানিয়েছে, তারা সরকারে না থেকে বাইরে থেকে সমর্থন দেবে।
তবে ভিসিকে ঠিক কী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও দলের ডেপুটি জেনারেল সেক্রেটারি ভান্নি আরাসু সমাজমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, তাদের দলের জন্য উপ-মুখ্যমন্ত্রী পদ ও একটি মন্ত্রিত্ব চাওয়া হয়েছে।
সোমবারের নির্বাচনি ফলে তামিলনাড়ুর রাজনীতিতে পাঁচ দশকের দ্রাবিড় আধিপত্য চূর্ণ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজয়ের নতুন দল টিভিকে। কিন্তু তার পর থেকেই সরকার গঠন ঘিরে নজিরবিহীন টালবাহানা শুরু হয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে।
