‘পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতক’: ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো ব্যক্তির ইশতেহারে যা লেখা ছিল
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক নৈশভোজে নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়া সশস্ত্র ব্যক্তি তার হামলার উদ্দেশ্য জানিয়ে একটি ম্যানিফেস্টো (ইশতেহার) প্রকাশ করেন। সেখানে তিনি মার্কিন কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করেছেন। তালিকায় পদমর্যাদা অনুযায়ী উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ কর্মকর্তাদের নাম লক্ষ্যবস্তু হিসেবে রাখা হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীর নাম কোল অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক। গত শনিবার ওয়াশিংটন হিলটনে আয়োজিত 'হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে' হামলার প্রায় ১০ মিনিট আগে তিনি তার আত্মীয়দের কাছে একটি বার্তা পাঠান। নিউ ইয়র্ক পোস্ট প্রথম এই তথ্যটি প্রকাশ করে।
১,০৫২ শব্দের ওই ইশতেহারে কোল অ্যালেন নিজেকে 'কোল্ডফোর্স' এবং 'ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন' হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে একজন 'অর্ধেক কৃষ্ণাঙ্গ ও অর্ধেক শ্বেতাঙ্গ' আমেরিকান নাগরিক হিসেবে বর্ণনা করেছেন। সরকারকে জবাবদিহিতার আওতায় আনার জন্য নিজের এই কর্মকাণ্ডকে তিনি একটি 'ব্যক্তিগত দায়িত্ব' বলে দাবি করেন।
ইশতেহারে অ্যালেন লিখেছেন, 'আমি আর কোনো পেডোফাইল (শিশু যৌন নিপীড়ক), ধর্ষক ও বিশ্বাসঘাতককে তার অপরাধের কালি দিয়ে আমার হাত রঞ্জিত করার অনুমতি দেব না।' তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী উচ্চ থেকে নিম্ন সারিতে সাজিয়ে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছেন। তবে লক্ষণীয় বিষয় হলো, তিনি এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে এই তালিকার বাইরে রেখেছেন।
অ্যালেন দাবি করেছেন, তিনি 'বাকশট' (এক ধরণের ক্ষুদ্র ছিটা গুলি) ব্যবহার করে নিরাপত্তা কর্মী, হোটেলের কর্মচারী এবং অতিথিদের হতাহতের সংখ্যা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছেন। তবে তিনি এটিও স্বীকার করেছেন, 'যদি অত্যন্ত প্রয়োজন হতো, তবে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর জন্য আমি এখানে উপস্থিত প্রায় সবার ওপর দিয়েই এগিয়ে যেতাম।' তার যুক্তি ছিল, এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তারা স্বেচ্ছায় সরকারের অপরাধের 'সহযোগী' হয়েছেন।
নিজের খ্রিস্টীয় বিশ্বাসের কথা বারবার উল্লেখ করে এই বন্দুকধারী তার কর্মকাণ্ডের সম্ভাব্য সমালোচনার জবাবে বেশ কিছু পাল্টা যুক্তি পেশ করেন।
অ্যালেন লিখেছেন, 'অন্য গাল বাড়িয়ে দেওয়ার নীতি তখনই কার্যকর হয় যখন আপনি নিজে নিপীড়িত হন। আমি সেই ব্যক্তি নই যাকে ডিটেনশন ক্যাম্পে ধর্ষণ করা হয়েছে। আমি সেই জেলে নই যাকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আমি সেই স্কুলছাত্র নই যাকে বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা অনাহারে থাকা সেই শিশু অথবা এই প্রশাসনের অপরাধীদের লালসার শিকার হওয়া সেই কিশোরীও আমি নই।'
তার এই মন্তব্যে মূলত ভেনেজুয়েলা সংশ্লিষ্ট নৌকায় হামলা, ইরানের বালিকা বিদ্যালয়ে মার্কিন আক্রমণ, কঠোর অভিবাসন নীতি এবং জেফ্রি এপস্টিন-সংক্রান্ত মামলার মতো বিতর্কিত বিষয়গুলো নিয়ে চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত ব্যক্তিকে একজন 'উন্মাদ' হিসেবে বর্ণনা করেছেন, যিনি 'খ্রিষ্টানদের ঘৃণা করতেন'। সিবিএস-এর '৬০ মিনিটস' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে তোলা সকল অভিযোগ নাকচ করে দেন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, কোল অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার একজন গৃহশিক্ষক। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং একই সঙ্গে গেম ডেভেলপার হিসেবেও কাজ করতেন। অ্যালেনের আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং তিনি একাই এই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালেন বৈধভাবেই আগ্নেয়াস্ত্র কিনেছিলেন এবং নিয়মিত একটি শুটিং রেঞ্জে গিয়ে প্রশিক্ষণ নিতেন। হামলার উদ্দেশ্যে তিনি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে ওয়াশিংটনে আসেন এবং হিলটন হোটেলে ওঠেন। অ্যালেনের বোন তদন্তকারীদের জানিয়েছেন, তার ভাই মাঝেমধ্যেই পৃথিবীকে বদলে দেওয়ার জন্য 'কিছু একটা' করার কথা বলতেন।
