‘বিপজ্জনক পেশায় আছি’—নৈশভোজে গুলির পর বললেন ট্রাম্প
শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে আচমকা গুলি চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি যে পেশায় আছেন, সেটিই 'বিপজ্জনক'।
হামলাকারী এখন পুলিশের হেফাজতে আছে এবং হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ওই যুবকের নাম কোল অ্যালেন (৩১)। তিনি পেশায় শিক্ষক। তদন্তকারী দুটি সূত্র জানিয়েছে, তার কাছ থেকে একটি শটগান ও একটি হ্যান্ডগান উদ্ধার হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, সিক্রেট সার্ভিসের এক এজেন্টের গায়ে গুলি লাগলেও বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি রক্ষা পেয়েছেন।
ট্রাম্প আরও বলেন, গুলি চলার সময় তিনি 'অনেকটা দূরে' ছিলেন। হামলাকারী 'ঘরের দরজা ভাঙার ধারেকাছেও পৌঁছতে পারেনি।'
প্রাণসংশয় নিয়ে তিনি উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার 'পেশাটাই বিপজ্জনক।'
ঘটনার একটি সিসিটিভি ভিডিয়ো ও সন্দেহভাজনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ট্রাম্প।
স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। আমন্ত্রিত অতিথিরা প্রাণভয়ে ছুটাছুটি শুরু করেন, অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। তড়িঘড়ি ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে মঞ্চ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান সিক্রেট সার্ভিস এজেন্টরা।
ট্রাম্প জানান, তিনি একটা 'আওয়াজ শুনেছিলেন'। প্রথমে ভেবেছিলেন, 'হয়তো ট্রে পড়ে গেছে'।
একজন অফিসারের গুলি লাগা প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, 'অত্যন্ত কাছ থেকে একটি শক্তিশালী বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়। তবে খুব ভালো মানের বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি রক্ষা পেয়েছেন।'
ট্রাম্প জানান, ওই অফিসারের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি যথেষ্ট হাসিখুশি রয়েছেন।
