পাকিস্তানে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি; ইরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প
ইরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে চাইলে ইরান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ফক্স নিউজের 'দ্য সানডে ব্রিফিং' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, টেলিফোন আছে। আমাদের চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।'
ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের সঙ্গে যুদ্ধ 'খুব শীঘ্রই' শেষ হবে এবং যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ইরান বিষয়ে আমরা এখন যাদের সঙ্গে কাজ করছি, তাদের মধ্যে কেউ কেউ খুবই যুক্তিবাদী, অন্যরা তেমন নয়। আমি আশা করি ইরান বিচক্ষণতার পরিচয় দেবে।'
তথ্যসূত্র: আলজাজিরা
ইসলামাবাদে ফিরেছেন আরাগচি
ওমান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের পর ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেন আরাগচি।
এক্সে এক পোস্টে আরাগচি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি কার্যকর কাঠামোর' বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন।
আরাগচি ইসলামাবাদ ত্যাগ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন।
পরে আরাঘচি এক পোস্টে বলেন, 'কূটনীতির বিষয়ে যুক্তরাষ্ট্র সত্যিই আন্তরিক কি না, তা আমি এখনও দেখিনি।'
এদিকে সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, আরাগচির পাকিস্তানে ফেরার সঙ্গে 'পারমাণবিক আলোচনার কোনো সম্পর্ক নেই'।
তাসনিম আরও জানিয়েছে, তিনি (আরাগচি) এখন 'তার সাম্প্রতিক আলোচনা চালিয়ে যেতে' ইসলামাবাদে ফিরেছেন। কিন্তু 'এই আলোচনার সঙ্গে পারমাণবিক বিষয়ের কোনো সম্পর্ক নেই'।
তথ্যসূত্র: আলজাজিরা
আবার আগ্রাসন হলে 'প্রত্যাশার বাইরে' জবাব দেয়া হবে: আইআরজিসি
পরবর্তী যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে 'প্রত্যাশার বাইরে' জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর 'শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত নীরবতা' কোনোভাবেই 'দুর্বলতার লক্ষণ নয়'।
বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, 'এই ধৈর্য যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। যুদ্ধবাজ এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ভুল হিসাব করে নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে সেটিই তাদের বিরুদ্ধে "নারকীয় ঝড়ের" সূচনা হতে পারে।'
তথ্যসূত্র: ডন
ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরছেন। আজ সকালেই তিনি ইসলামাবাদ ছেড়েছিলেন, কিন্তু এর কয়েক ঘণ্টা পরই তার পুনরায় পাকিস্তানে ফেরার খবর পাওয়া গেল। এএফপি-এর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা ইরনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে যে, ওমান সফর শেষ করে এবং রাশিয়ায় যাওয়ার আগে আরাগচি আবারও পাকিস্তানে যাবেন বলে নির্ধারিত রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আরাগচির সঙ্গে আসা প্রতিনিধি দলের একটি অংশ বর্তমানে তেহরানে রয়েছে। তারা চলমান যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে দেশে ফিরেছেন। এই প্রতিনিধি দলটি রোববার রাতেই আবারও ইসলামাবাদে আরাগচির সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ডন
গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন , হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিচ্যুত করতে পারবে না। যদিও তিনি মনে করেন, এই ঘটনার সাথে চলমান সংঘাতের কোনো যোগসূত্র থাকার সম্ভাবনা নেই।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প বলেন, 'এই ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে আটকাতে পারবে না। আমরা যতটুকু জানি, তার ভিত্তিতে আমি মনে করি না যে এই ঘটনার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক আছে।'
তথ্যসূত্র: ডন
ওয়াশিংটনে গুলির ঘটনায় ইরান সংশ্লিষ্টতা নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে গুলির ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না। তবে ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, হামলার গুরুত্ব বিবেচনায় দ্রুতই অভিযোগ দায়ের করা হবে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রগুলো পরীক্ষা করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
পুলিশ প্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্রে সজ্জিত ছিল। তবে এ পর্যায়ে অন্য কোনো জড়িত ব্যক্তির ইঙ্গিত পাওয়া যায়নি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
সফর বাতিলের ১০ মিনিটের মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানে যে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিলের কয়েক মিনিটের মাথায় তেহরানের পক্ষ থেকে একটি 'উন্নত' প্রস্তাব পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি আগের চেয়ে ভালো হলেও একে এখনও 'যথেষ্ট নয়' বলে মনে করছেন তিনি।
শনিবার 'এয়ার ফোর্স ওয়ান' থেকে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, তার সিদ্ধান্ত পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ইরান প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি বলেন, 'তারা আমাদের একটি প্রস্তাব দিয়েছিল যা আরও ভালো হওয়া উচিত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি যখন সফরটি বাতিল করলাম, তার ঠিক ১০ মিনিটের মাথায় আমরা নতুন একটি প্রস্তাব পেলাম যা আগেরটির চেয়ে অনেক বেশি উন্নত।'
ইরানের সেই নতুন প্রস্তাবে ঠিক কী ছিল, সে বিষয়ে সিএনএন-এর পক্ষ থেকে বিস্তারিত জানতে চাওয়া হলে ট্রাম্প কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। তিনি শুধু বলেন, 'তারা অনেক কিছুরই প্রস্তাব দিয়েছে, কিন্তু তা এখনও আমাদের জন্য যথেষ্ট নয়।'
তথ্যসূত্র: সিএনএন
হুমকির মুখে 'জবরদস্তিমূলক' আলোচনায় বসবে না তেহরান: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ ও হুমকির মুখে তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের 'জবরদস্তিমূলক আলোচনায়' বসবে না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মকাণ্ড আস্থার পরিবেশ নষ্ট করছে এবং সংলাপের পথকে জটিল করে তুলছে। তিনি আরও যোগ করেন, ওয়াশিংটনের পক্ষ থেকে 'শত্রুতামূলক কর্মকাণ্ড এবং অপারেশনাল চাপ' বন্ধ না হলে কোনো অগ্রগতি হওয়া কঠিন।
পেজেশকিয়ান জানান, কোনো সমস্যা সমাধানের পরিবেশ তৈরি করতে হলে ওয়াশিংটনকে প্রথমেই 'নৌ-অবরোধসহ সকল কার্যকরী বাধা' অপসারণ করতে হবে। বর্তমানে ইরানি বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর মার্কিন নৌবাহিনী যে অবরোধ আরোপ করেছে, সেটিকেই প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ফোনালাপের বিবরণ অনুযায়ী, শেহবাজ শরিফ ইরানি প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ইসলামাবাদ তাদের 'নিষ্ঠাবান ও সৎ প্রচেষ্টা' অব্যাহত রাখবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ যুদ্ধ বন্ধের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য ইরানের প্রতি প্রশংসা ব্যক্ত করেন।
তথ্যসূত্র: সিএনএন
ইরানের প্রস্তাব 'যথেষ্ট নয়', ট্রাম্পের নির্দেশে বাতিল হলো তার প্রতিনিধিদের পাকিস্তান সফর
ইরানের সঙ্গে প্রস্তাবিত পরবর্তী দফার শান্তি আলোচনার জন্য তার বিশেষ দূত ও জামাতার পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইসলামাবাদের এই বহুল প্রতীক্ষিত সংলাপ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ প্রথমে এই বাতিলের খবর জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার সময় ইরানি প্রতিনিধিরা একটি নথি রেখে গিয়েছিলেন। ট্রাম্পের মতে, ইরান সেখানে যে প্রস্তাব দিয়েছে তা 'যথেষ্ট নয়'।
তিনি আরও জানান, এই সফরটি অনেক দীর্ঘ হতো এবং মার্কিন স্বার্থের অনুকূলে কোনো ফল আসার সম্ভাবনা না থাকলে তার শীর্ষ প্রতিনিধিদের সেখানে পাঠানোর কোনো যৌক্তিকতা নেই।
ট্রাম্প আবারও দাবি করেছেন যে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সব দিক থেকে সুবিধাজনক অবস্থানে আছে। তবে তার এই সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, যার উত্তর এখনও পাওয়া যায়নি।
যদিও বর্তমান দফার আলোচনা স্থবির হয়ে পড়েছে, তবে তার মানে এই নয় যে কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বরং সুর কিছুটা নরম করে ট্রাম্প নিজেই বলেছেন যে, ইরান যদি আলোচনা করতে চায়, তবে তাদের শুধু 'ফোন তুলে কল করতে হবে'। অর্থাৎ সরাসরি যোগাযোগের মাধ্যমেই পরবর্তী সমাধানের পথ খুঁজছেন তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা
