ইরান যুদ্ধ শেষের কোনো ‘সময়সীমা’ নেই: ট্রাম্প, হরমুজে জাহাজ চলাচলে আবারও কঠোর নিয়ন্ত্রণ তেহরানের
উপসাগরীয় অঞ্চল ও হরমুজে অস্থিরতার মূলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের 'আগ্রাসন': আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বিরাজমান নিরাপত্তাহীনতার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 'আগ্রাসন'।
তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূতের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আরাগচি বিশ্ব সম্প্রদায়ের প্রতি হামলার বিরুদ্ধে 'স্পষ্ট ও দৃঢ় অবস্থান' নেওয়া এবং তীব্র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
ইরানের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের বরাতে জানানো হয়েছে, আরাগচি বৈঠকে বলেছেন— ইরান নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইন মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এই সংঘাতের ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায়ভার 'আক্রমণকারী দেশগুলোকেই' নিতে হবে।
সম্প্রতি হরমুজ প্রণালিতে ইরান দুটি জাহাজ 'জব্দ' করার এবং তৃতীয় একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর খবরের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সামনে এল।
তথ্যসূত্র: আল জাজিরা
হরমুজে ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেন না ট্রাম্প: হোয়াইট হাউস
ইরান কর্তৃক হরমুজ প্রণালিতে জাহাজ জব্দের ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন মনে করছেন না কারণ জব্দ করা জাহাজগুলো যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের ছিল না।
তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'এগুলো ছিল আন্তর্জাতিক জাহাজ। ইরান এখন জলদস্যুর মতো আচরণ করছে। কারণ তাদের মূল নৌবাহিনীকে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এখন তারা দ্রুতগতির গানবোটের মাধ্যমে দস্যুতা চালাচ্ছে।'
লেভিট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ইরানের ওপর অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
এশিয়ার জলসীমায় ইরানের ৩ তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
এশিয়ার জলসীমায় ইরানের পতাকাবাহী অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী।
শিপিং ও নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানিয়েছে, ট্যাংকারগুলোকে ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সরিয়ে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ইরানের সামুদ্রিক বাণিজ্যের ওপর ওয়াশিংটন কঠোর অবরোধ আরোপ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। অন্যদিকে, পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে ইরানও বিদেশি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
গত কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের একটি পণ্যবাহী জাহাজ ও একটি তেলের ট্যাংকার জব্দ করেছে। এর জবাবে ইরানও বুধবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি কন্টেইনার জাহাজ জব্দ করার দাবি করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ইরানের পক্ষ থেকে প্রথম জাহাজ জব্দের ঘটনা।
তথ্যসূত্র: রয়টার্স
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আবারও কঠোর নিয়ন্ত্রণ ইরানের
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির ওপর কেমন প্রভাব পড়ছে—তা বোঝার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন কয়টি জাহাজ পার হচ্ছে, সেটি।
এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রায় আট সপ্তাহ পর গত মঙ্গলবার এই জলপথ দিয়ে মাত্র একটি জাহাজ পার হয়েছে। এরপর বুধবার যখন আরও কিছু জাহাজ পার হওয়ার চেষ্টা করে, তখন ইরান সেখানে দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালায়।
তবে জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো ঠিকই এই পথ দিয়ে যাতায়াত করছে।
যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ এই প্রণালি পার হতো, সাম্প্রতিক হামলার আগে সেই সংখ্যা প্রতিদিন গড়ে মাত্র আটটিতে নেমে আসে। এরপর গত শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্র যখন ঘোষণা দেয় যে এই জলপথ পুরোপুরি উন্মুক্ত, তখন অনেক জাহাজই প্রণালিটি পার হওয়ার উদ্দেশ্যে সেদিকে যাত্রা শুরু করে।
কিন্তু এর কয়েক ঘণ্টা পরই ইরান জানায়, তারা এই প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর ওপর কড়াকড়ি আরোপ করবে। কারণ ওমান উপসাগরে (হরমুজ প্রণালির দক্ষিণ-পূর্বে) ইরানি জাহাজের ওপর দেওয়া মার্কিন নৌ-অবরোধ তখনো প্রত্যাহার করা হয়নি।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
নৌ অবরোধে ৩১ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে আরোপ করা নৌ অবরোধে ৩১টি জাহাজের দিক বদল করতে বা বন্দরে ফিরতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, এসব নৌযানের বেশিরভাগই জ্বালানি তেলের ট্যাংকার।
সেন্টকম বলেছে, 'বেশিরভাগ জাহাজ মার্কিন নির্দেশনা মেনে চলাচল করছে।'
ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধে ১০ হাজারের বেশি মার্কিন সেনা, ১৭টি যুদ্ধজাহাজ এবং শতাধিক বিমান অংশ নিয়েছে বলেও জানিয়েছে সেন্টকম।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরান যুদ্ধ ইউরোপকে 'দুর্বল' করে দিচ্ছে: এরদোয়ান
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে এক টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইরানে চলমান যুদ্ধ এখন ইউরোপকেও 'দুর্বল' করতে শুরু করেছে।
তিনি বলেন, 'আমাদের অঞ্চলের এই যুদ্ধ ইউরোপকেও ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, এবং আমরা যদি শান্তিকে অগ্রাধিকার দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা না করি, তাহলে সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি ভয়াবহ হয়ে উঠবে।'
এরদোয়ানের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, বুধবার দুই নেতা ফোনে কথা বলেন। এ সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ইরান ও ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেন।
তথ্যসূত্র: বিবিসি
২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাম্পোলি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এই অনুরোধ করার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছেন।
জাম্পোলি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, 'আমি ইতালিতে জন্মগ্রহণ করেছি এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে ইতালিকে খেলতে দেখা আমার কাছে একটি স্বপ্নের মতো। চারবারের বিশ্বকাপ জয়ী দল হিসেবে ইতালির এই টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা রয়েছে।'
এর আগে ইরান নিশ্চিত করেছিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে তাদের জাতীয় ফুটবল দল অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। ফিফা সভাপতি ইনফান্তিনোও গত সপ্তাহে জানিয়েছিলেন, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই আসরে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
নৌ-অবরোধের মধ্যেই মার্কিন নৌসচিবকে বরখাস্ত করল পেন্টাগন
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব (নেভি সেক্রেটারি) জন ফেলানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ফেলানের এই বিদায় 'অবিলম্বে কার্যকর' হবে। তার জায়গায় নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেওয়া উচ্চপদস্থ সামরিক নেতাদের মধ্যে ফেলান সর্বশেষ সংযোজন। যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালিতে ইরানের ওপর নৌ-অবরোধ জারি রেখেছে। এর মাঝেই নৌবাহিনীর সচিবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
শন পার্নেল তার পোস্টে লেখেন, 'প্রতিরক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর পক্ষ থেকে আমরা জন ফেলানকে ধন্যবাদ জানাচ্ছি। মার্কিন নৌবাহিনী এবং এই দপ্তরের প্রতি তার সেবার জন্য আমরা কৃতজ্ঞ। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল।' তবে ফেলানকে কেন সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি।
তথ্যসূত্র: বিবিসি
বিশ্ববাজারে তেলের দাম ৪% বাড়ল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বিরাজমান অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় না খোলার ঘোষণা দিয়েছে তেহরান।
বৃহস্পতিবার মার্কিন তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে আন্তর্জাতিক বাজারের তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে। তবে এর কয়েক মিনিটের মধ্যেই দাম কিছুটা কমে আসে।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরান যুদ্ধ শেষের কোনো 'সময়সীমা' নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কোনো নির্দিষ্ট 'সময়সীমা' নেই।
একই সঙ্গে এই যুদ্ধে তার নেওয়া সিদ্ধান্তগুলো আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কারণে প্রভাবিত হচ্ছে—এমন দাবিও তিনি প্রত্যাখ্যান করেছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মঙ্গলবার বিকেলে তিনি যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, সেটি বা নতুন কোনো শান্তি আলোচনার বিষয়ে তার ওপর সময়ের কোনো চাপ নেই।
যুদ্ধ কবে শেষ হতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এর কোনো সময়সীমা নেই এবং আমাদের কোনো তাড়াহুড়োও নেই।'
উল্লেখ্য, এর আগে ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু এখন তা সপ্তম সপ্তাহে গড়িয়েছে।
ট্রাম্প আরও বলেন, 'মানুষ বলছে আমি মধ্যবর্তী নির্বাচনের কারণে দ্রুত যুদ্ধ শেষ করতে চাই, কিন্তু এটি সত্য নয়।'
তিনি জানান, তার প্রশাসন কেবল মার্কিন জনগণের জন্য একটি 'ভালো চুক্তি' নিশ্চিত করতে চায়।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতি ঠিক কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তারিখ জানাননি।
তিনি তেহরানকে আলোচনার জন্য একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: সিএনএন
হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন সরাতে ৬ মাস লাগবে: পেন্টাগন
হরমুজ প্রণালি থেকে সামুদ্রিক মাইনগুলো সড়িয়ে নিতে অন্তত ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছে পেন্টাগন। এই পরিস্থিতির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন বৈঠকে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এই তথ্য তুলে ধরেন।
এপি জানিয়েছে, এই অধিবেশন শেষে মার্কিন আইনপ্রণেতাদের মনে 'সমাধানের চেয়ে প্রশ্নই বেশি তৈরি হয়েছে'। ইরান যুদ্ধের খরচ, রণকৌশল এবং সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে তাঁরা জানতে চাইলেও সেসবের কোনো উত্তর দেওয়া হয়নি।
এ ছাড়া যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে হামলার বিষয়েও প্রশ্ন তোলা হয়, যেখানে অন্তত ১৬৫ জন নিহত হয়েছিলেন এবং তাদের বেশিরভাগই ছিল অল্পবয়সী স্কুলছাত্রী।
তথ্যসূত্র: আল জাজিরা
