ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি সামরিক হুঁশিয়ারির মধ্যেই পাকিস্তানে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র।
মধ্যস্থতাকারী একাধিক পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে সোমবার (২০ এপ্রিল) বার্তা সংস্থা আনাদোলু এই খবর নিশ্চিত করেছে।
সূত্রমতে, ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও, প্রথম দফার মতো এবারও প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে।
মার্কিন প্রতিনিধি দলটি সোমবার রাত অথবা মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাতে পারে। ইতোমধ্যে মার্কিন প্রতিনিধিদের অগ্রবর্তী দল ও নিরাপত্তা কর্মীদের নিয়ে দুটি বিমান ইসলামাবাদে অবতরণ করেছে।
উচ্চপর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে হাজার হাজার নিরাপত্তা কর্মী এবং বন্ধ রাখা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার মার্কিন দূতাবাসে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
এর আগে গত ১১-১২ এপ্রিল পাকিস্তানেই দুই দেশের মধ্যে প্রথম দফার ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল ১৯৭৯ সালের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। তবে সেই বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল।
