প্রথমে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সেলফি তোলেন কার্লসেন, তারপর করেন ফোন ব্যবহারের অভিযোগ
বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ম্যাচ খেলতে বসেছিলেন আলুয়া নুরমান। এত বড় খেলোয়ারকে সামনে পেয়ে তাই সেলফি তোলার প্রলোভন সামলাতে পারেননি নুরমান।
১৮ বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টারকে খুশি করতে সেলফি তুলতে রাজি হন কার্লসেন এবং চেস বোর্ডের উল্টোপাশে হাসিমুখে পোজ দেন।
কিন্তু নুরমানের আনন্দ ছিল কয়েক মুহূর্তের। কার্লসেন টেবিল থেকে উঠে একজন বিচারকের খোঁজ করেন এবং নুরমানের বিরুদ্ধে মোবাইল ফোন না ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগ দেন।
জার্মানির গ্রেনকে চেস ফেস্টিভ্যালে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। খেলোয়াড়দের প্রতারণা থেকে বিরত রাখার জন্য ফেস্টিভ্যালে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল ।
তরুণ প্রতিদ্বন্দ্বী সেলফি তোলার অনুরোধ করায় ৩৫ বছর বয়সী কার্লসেন প্রথমে একটু দ্বিধায় পরে যান। দর্শকের সামনে নুরমানের অনুরোধ প্রত্যাখ্যান করলে রূঢ়তা মনে হবে। আবার অনুমতি দিলে মোবাইল ব্যবহারের নিয়ম ভঙ্গে সমর্থন দেওয়া হবে।
শেষপর্যন্ত নরওয়েজিয়ান পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কার্লসেন মধ্যম পন্থা বেছে নেন: তিনি সেলফি তুলতে রাজি হন, কিন্তু নুরমানের এই উদাসীন আচরণের কথা বিচারকদের জানান।
বিশ্ব নারী দলের চেস চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জেতা কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার আলুয়া নুরমান পরে কিছুটা রসিকতা করেই সম্ভবত ইনস্টাগ্রামে সেই সেলফি পোস্ট করেছেন।
সঙ্গে লিখেছেন, 'ম্যাগনাস ম্যাগনাসই থাকল'।
ঘটনাটি অনলাইনে চেস সম্প্রদায়ে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ মনে করেন কার্লসেন তার প্রতিদ্বন্দ্বীর প্রতি অতিরিক্ত কঠোরতা দেখিয়েছেন। আবার কেউ মনে করেন কঠোর নিষেধাজ্ঞা সব খেলোয়াড়ের জন্যই প্রযোজ্য।
উল্লেখযোগ্য, নুরমানের কোনো প্রতারণার উদ্দেশ্য ছিল না। তবে চেস টুর্নামেন্টে মোবাইল ফোন ব্যবহার করে প্রতারণা করার ঘটনা দীর্ঘদিনের।
গ্রেনকে ফেস্টিভ্যালে মোবাইল ফোন নিষিদ্ধ রাখা হয়েছে, যেখানে সর্বোচ্চ নগদ পুরস্কার ছিল ৫৮,০০০ পাউন্ড।
শেষ পর্যন্ত, নুরমানের সেলফি ম্যাচের ফলাফলের ওপর প্রভাব ফেলেনি; কার্লসেন জিতেছেন।
