মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ব্যক্তির ওপর আস্থা নেই বলে জানিয়েছে ইরান। দেশটি বলছে, ভবিষ্যতে কোনো আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে তারা দেখতে চায় না।
কূটনৈতিক সূত্র জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঙ্কারায় আলোচনার সময় তুর্কি কর্মকর্তাদের, বিশেষ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে নিজেদের এই অবস্থান ব্যক্ত করেন।
সূত্রটি আরও জানায়, ইরান মনে করে এই দুই প্রতিনিধি নির্ভরযোগ্য নন। তাদের সঙ্গে আগের আলোচনাকে 'গঠনমূলক নয়' বলে উল্লেখ করা হয়েছে। তাই ভবিষ্যতে অন্য মাধ্যমে আলোচনা করতে চায় ইরান।
তেহরান জানিয়েছে, তারা সরাসরি না গিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে পরোক্ষভাবে যোগাযোগ করতে বেশি আগ্রহী। এতে তারা পরিস্থিতি শান্ত করার বিষয়ে নিজেদের আন্তরিকতা দেখাতে চায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এ সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত বৃহস্পতিবার বলেছিলেন, এই অভিযান কবে শেষ হবে তা এখনই নির্দিষ্ট করে বলা হবে না। সবকিছু ঠিকমতো এগোচ্ছে এবং শেষ সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টই নেবেন।
