ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ
ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলার মাধ্যমে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
হেগসেথ বলেন, 'ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় যে ইরানি যুদ্ধজাহাজটি নিজেকে নিরাপদ মনে করছিল, সেটিকে একটি মার্কিন টর্পেডোর আঘাতে ডুবিয়ে দেওয়া হয়েছে।'
যদিও তিনি জাহাজটির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি।
এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছিল যে, 'আইআরআইএস দেনা' নামের একটি ইরানি ফ্রিগেট ভারত মহাসাগরে ডুবে গেছে। ওই জাহাজে থাকা প্রায় ১৪০ জন ক্রু নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক জলসীমা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এর আগে শ্রীলঙ্কা জানিয়েছিল যে তারা জাহাজটি থেকে ৩২ জনকে উদ্ধার করেছে, তবে বাকিদের ভাগ্য এখনও অনিশ্চিত।
