ইসরায়েলের ৩ ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর, লেবাননে আরও এলাকা দখলে স্থলসেনাদের অনুমতি নেতানিয়াহুর
লেবাননে আরও কৌশলগত এলাকা দখলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাৎজ বলেন, "সীমান্তবর্তী বসতিগুলোর দিকে হামলা ঠেকাতে আইডিএফকে লেবাননে অগ্রসর হয়ে অতিরিক্ত কৌশলগত এলাকা দখলের অনুমতি দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "আইডিএফ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দিকে হামলার জন্য এই সংগঠনকে বড় মূল্য দিতে হচ্ছে এবং দিতে থাকবে।"
সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কাৎজ। তিনি বলেন, "আমরা গালিলির বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করব।"
এদিকে, ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
ইরান-সমর্থিত এই গোষ্ঠী বলেছে, "লেবাননের বহু শহর ও জনপদে ইসরায়েলের আগ্রাসনের জবাবে" তারা তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
টেলিগ্রামে দেওয়া বার্তায় হিজবুল্লাহ জানায়, গোলান মালভূমির নাফাহ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং উত্তর ইসরায়েলের মেরন ও রামাত দাভিদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
