Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, মিলেছে মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা

আন্তর্জাতিক

আল জাজিরা; সিএনএন; রয়টার্স
01 March, 2026, 08:00 am
Last modified: 01 March, 2026, 09:52 am

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, মিলেছে মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা

আল জাজিরা; সিএনএন; রয়টার্স
01 March, 2026, 08:00 am
Last modified: 01 March, 2026, 09:52 am
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী। ফাইল ছবি: রয়টার্স

কয়েক মাস ধরে পরিকল্পনা করার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলা একদিনে থামার কোনো সম্ভাবনা নেই।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুধু ইসরায়েলেই নয়, হামলার জবাব দিতে আরব রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। সবমিলিয়ে এতে মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা নতুন করে তীব্র হয়ে উঠেছে।

ইসরায়েলের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, কয়েক মাস ধরেই ইরানে হামলার পরিকল্পনা করা হয়েছে, আর আক্রমণ শুরু করার তারিখটি চূড়ান্ত করা হয়েছে কয়েক সপ্তাহ আগে। এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই হামলা কয়েক দিন ধরে চালানোর পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।


ইরানের সর্বোচ্চ নেতা খামেনি 'বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে', দাবি নেতানিয়াহুর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর 'বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে' বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।

ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ খুঁজে পাওয়া গেছে। তবে ইরানের পক্ষ থেকে খামেনির পরিণতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানের নাগরিকদের 'রাস্তায় নেমে আসার এবং কাজ শেষ করার' আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে খামেনি নিহত হয়ে থাকতে পারেন—এমন অনেক লক্ষণ পাওয়া যাচ্ছে। নেতানিয়াহু বলেন, 'আজ সকালে আমরা স্বৈরশাসক খামেনির কম্পাউন্ড ধ্বংস করেছি।'

অভিযানের বিস্তারিত তুলে ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, 'এই স্বৈরশাসক যে আর নেই, তার অনেক লক্ষণ পাওয়া যাচ্ছে। আজ সকালে আমরা আয়াতুল্লাহর অনুগত শাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কমান্ডার এবং পারমাণবিক কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্মূল করেছি—এবং আমাদের এই অভিযান চলবে। আগামী কয়েক দিনের মধ্যে আমরা এই সন্ত্রাসী শাসনের আরও হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানব।'


হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের 'অনুমতি নেই': জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) থেকে ভিএইচএফ বেতার বার্তার মাধ্যমে জাহাজগুলোকে জানানো হচ্ছে যে "হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না"।

দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরু করার পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস–এর এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পেয়েছে বলে মিশনের কাছে তথ্য রয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেনি।


দুবাইয়ে বিস্ফোরণের শব্দ, আহত ৪

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, শহরের পাম আইল্যান্ড এলাকায় ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, জরুরি পরিষেবায় নিয়োজিত দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন এখন 'নিয়ন্ত্রণে' রয়েছে। এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় চারজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, বেশ কয়েকজন আহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, এই হামলায় বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মী 'সামান্য আহত' হয়েছেন। এছাড়া বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল বা যাত্রী ভবনের 'সামান্য ক্ষয়ক্ষতি' হয়েছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি জানান, হামলার পর পরই দ্রুত অনুমোদিত 'জরুরি প্রোটোকল' কার্যকর করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল সম্পূর্ণ সুরক্ষিত করা হয়েছে।


ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে অবগত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানায়।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ (বায়ে) এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর (ডানে)। ফাইল ছবি: সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক লক্ষ্যবস্তুগুলোতে চালানো হামলায় এই দুই শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জোরালো ধারণা করা হচ্ছে।

তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ইসরায়েলের হামলায় দুয়েকজন কমান্ডার নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, বেশিরভাগ ইরানি কর্মকর্তা এখনো নিরাপদ এবং জীবিত আছেন, তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি।

আরাঘচি বলেছেন, ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম এবং হামলা বন্ধ না হলে তারা শক্ত  জবাব দেবে।


ইরানে হামলা চালিয়ে ট্রাম্প ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে: রাশিয়া

ইরানে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সমালোচনা করে রাশিয়া বলেছে, ইরানে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, 'ওয়াশিংটন ও তেল আবিব আবারও একটি বিপজ্জনক অভিযানে নেমেছে, যা দ্রুত পুরো অঞ্চলকে মানবিক, অর্থনৈতিক এবং এমনকি পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।'

ইরানে ট্রাম্পের হামলা 'অবৈধ ও অসাংবিধানিক': মার্কিন সিনেটর এডওয়ার্ড মার্কি

ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে 'অবৈধ ও অসাংবিধানিক' বলে অভিহিত করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি।

এক বিবৃতিতে তিনি এই অভিযানের তীব্র সমালোচনা করে একে মার্কিন জনগণের জন্য বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন।

সিনেটর মার্কি বলেন, 'এই হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য চরম হুমকিস্বরূপ।'


স্কুলে ৫৩ ছাত্রীর মৃত্যু 'বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না': ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই বর্বরোচিত হামলা 'বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।'

দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি ওই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে এখন ৫৩ জনে দাঁড়িয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি গভীর শোক প্রকাশ করে বলেন, এই হামলার শিকার হওয়া প্রত্যেকেই ছিল 'নিষ্পাপ শিশু'।

ছবি: সংগৃহীত

তিনি এই ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন।


হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ স্থগিত শীর্ষ তেল কোম্পানিগুলোর

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় তেল ও বাণিজ্যিক কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একটি প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 'নিরাপত্তার খাতিরে আমাদের জাহাজগুলো আগামী কয়েকদিন যেখানে আছে সেখানেই অবস্থান করবে, কোনো যাতায়াত করবে না।'

উল্লেখ্য, আরব উপদ্বীপ এবং ইরানের মধ্যবর্তী এই সরু জলপথ বা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি পণ্য আনা-নেওয়া করা হয়। এই পথে জাহাজ চলাচল স্থগিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা এবং সরবরাহে বিঘ্ন ঘটার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।


পরমাণু কেন্দ্রে হামলা না চালানোর হুঁশিয়ারি রাশিয়ার; কর্মী সরাচ্ছে 'রোসাটম'

রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা 'রোসাটম' জানিয়েছে, তারা উদ্ভূত পরিস্থিতিতে ইরান থেকে ৯৪ জনকে সরিয়ে নিয়েছে। তবে বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তাদের মূল কারিগরি কর্মীরা এখনও অবস্থান করছেন।

রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার মুখে তারা শিশুদের এবং 'কম গুরুত্বপূর্ণ' কর্মীদের সরিয়ে নিয়েছেন।

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কোনো অবস্থাতেই পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।' উল্লেখ্য, রাশিয়ার নির্মিত বুশেহর কেন্দ্রটি ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।


'আগ্রাসনকারীদের উচিত শিক্ষা দেওয়া হবে': ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, 'নেতানিয়াহু ও ট্রাম্পের এই যুদ্ধ পুরোপুরি উস্কানিমূলক, অবৈধ এবং অন্যায্য।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে তিনি বলেন, 'ট্রাম্প "আমেরিকা ফার্স্ট" নীতিকে "ইসরায়েল ফার্স্ট"-এ পরিণত করেছেন, যার চূড়ান্ত অর্থ হলো "আমেরিকা লাস্ট"।'

Netanyahu and Trump's war on Iran is wholly unprovoked, illegal, and illegitimate.

Trump has turned 'America First' into 'Israel First'—which always means 'America Last'.

Our Powerful Armed Forces are prepared for this day and will teach the aggressors the lesson they deserve pic.twitter.com/xhiWydMyXy— Seyed Abbas Araghchi (@araghchi) February 28, 2026

আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা আগ্রাসনকারীদের এমন শিক্ষা দেবে যা তাদের প্রাপ্য।'

বার্তার সাথে আরাগচি ২০১২ সালে করা ট্রাম্পের একটি পুরোনো টুইটের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে ট্রাম্প ওবামাকে নিয়ে লিখেছিলেন যে— 'ভোট বাড়াতে ওবামা ইরান বা লিবিয়ায় হামলা চালাতে পারেন।'


ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, ওই হামলায় প্রাণ হারানো শিক্ষার্থীর সংখ্যা এখন বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় অন্তত আরও ৬০ জন আহত হয়েছেন।

এর আগে প্রাথমিক প্রতিবেদনে একই হামলায় ৪০ জন নিহতের খবর জানানো হয়েছিল। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিহতেরা সবাই ওই স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করা হয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, পরিস্থিতিকে অবশ্যই 'রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে' ফিরিয়ে আনতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই 'দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের' একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। মস্কোর মতে, এ ধরনের সামরিক পদক্ষেপ এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং সবার স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত।


'শত্রুর চূড়ান্ত পরাজয়' না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা ইরানের

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান আবারও নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ছোঁড়া এক ঝাঁক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশজুড়ে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, 'আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয়। তাই সাধারণ জনগণকে অবশ্যই 'হোম ফ্রন্ট কমান্ড'-এর দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।'

আইআরজিসি'র হুঁশিয়ারি

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েলি ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, 'শত্রুপক্ষ চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।'


এবার কাঁপল তেল আবিব, ব্যাপক বিস্ফোরণের খবর

সৌদি আরবের রিয়াদের পর এবার ইসরায়েলের তেল আবিবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।


ইরানি হামলার পর নাগরিক ও পর্যটকদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে দুবাই

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশি-বিদেশি সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। যেকোনো ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে কার্যক্রম চালানো হচ্ছে।


প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনায় সৌদি আরবের নিন্দা

আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এক সতর্কবার্তায় বলেছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের এই ধারাবাহিক লঙ্ঘনের ফলে "ভয়াবহ পরিণতি" হতে পারে।


ইরান সরকারকে দায়ী করল ইউক্রেন

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান উত্তেজনার জন্য সরাসরি ইরান সরকারকে দায়ী করেছে। কিয়েভ জানিয়েছে, তারা সাধারণ ইরানি জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে তারা ইরানে সরকার পরিবর্তনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।


ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ব্রিটেন

ব্রিটেন পুনরায় হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।


ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিশু নিহত

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


উত্তর ইসরায়েলে বহুতল ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাত, আহত ১

ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে উত্তর ইসরায়েলের একটি নয় তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের (টুকরো) আঘাতে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত বলেছে, 'এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।'

ইউএই কর্তৃপক্ষ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, 'এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।'


সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

একই সময়ে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পরপরই দেশজুড়ে সতর্ক সাইরেন বাজানো শুরু হয়।

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বাহরাইন সরকার নিশ্চিত করেছে, সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

Video shows plumes of smoke rising after Iran targeted a United States military base in Bahrain, following Israel–US attacks across Iran. Two missiles were intercepted over Qatar and explosions were reportedly heard in Abu Dhabi, Kuwait and Saudi Arabia. pic.twitter.com/5jS08X8d64— Al Jazeera English (@AJEnglish) February 28, 2026

এর কিছুক্ষণ পরে, কাতারের রাজধানী দোহায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারকে লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার পর এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।


ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধী পক্ষের আগ্রাসনের জবাবে অধিকৃত অঞ্চলের দিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।'

এদিকে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করার সময় উত্তর ইসরায়েল বিস্ফোরণে কেঁপে ওঠে বলেও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা রুখে দেওয়ার কথা জানানোর পরপরই এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চলমান এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও ইসরায়েলি সম্পদই এখন 'বৈধ লক্ষ্যবস্তু': ইরানি কর্মকর্তা

ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, তারা ইসরায়েলকে 'সামনে যা ঘটতে যাচ্ছে, তার জন্য প্রস্তুত হতে' বলছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান প্রকাশ্য জবাব দেবে এবং এক্ষেত্রে তাদের আর 'রেড লাইন' থাকবে না।

ওই কর্মকর্তা বলেন, 'মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ ও স্বার্থ এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আগ্রাসনের পর আর কোনো সীমা নেই এবং সবকিছুই সম্ভব। এমনকি এমন সব পরিস্থিতিও তৈরি হতে পারে যা আগে কখনো ভাবা হয়নি।'

তিনি আরও উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে যার সুদূরপ্রসারী ও দীর্ঘস্থায়ী প্রভাব থাকবে। তিনি বলেন, 'যৌথ আমেরিকান-ইসরায়েলি এই আগ্রাসনে আমরা বিস্মিত হইনি। আমাদের কাছে একটি জটিল জবাব প্রস্তুত রয়েছে যার কোনো সময়সীমা নেই।'

ওই কর্মকর্তা আরও যোগ করেন, ইরানকে সংযত থাকার বা আত্মসমর্পণের যেকোনো আহ্বান 'অগ্রহণযোগ্য এবং নিছক কল্পনাপ্রসূত মাত্র'।


ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়েছে। এর পরপরই দেশটির বিভিন্ন স্থানে সাইরেন বাজানো শুরু হয়।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী এই হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আক্রমণ চালিয়ে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টা করছে।'

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, 'প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় পুরোপুরি নিশ্ছিদ্র হয় না। তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলি মেনে চলা অত্যন্ত জরুরি। সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।'


ইরানের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের নাম 'রোরিং লায়ন'

ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের নতুন সামরিক অভিযানের নাম ঘোষণা করেছে 'রোরিং লায়ন'। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরায়েল তাদের সামরিক অভিযানের নাম দিয়েছিল 'রাইজিং লায়ন' । সেই নামের ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন এই নামকরণ করা হয়েছে।


ইরানের পাল্টা আক্রমণ হবে অত্যন্ত 'বিধ্বংসী': ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তা

বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের এই পাল্টা আক্রমণ হবে অত্যন্ত বিধ্বংসী।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

We warned you!
Now you have started down a path which end is no longer in your control.

— ابراهیم عزیزی (@Ebrahimazizi33) February 28, 2026

তিনি লিখেছেন, 'আমরা তোমাদের সতর্ক করেছিলাম!' আজিজি আরও লিখেছেন, 'এখন তোমরা এমন এক পথ চলা শুরু করেছ যার শেষ কোথায় হবে, তা আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।'


Tehran, #Iran pic.twitter.com/C1qZ1n933E— Shin (@hey_itsmyturn) February 28, 2026

তেহরানের বেশ কিছু এলাকায় মোবাইলফোন যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ইন্টারনেটও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আল জাজিরার মাঠপর্যায়ের একজন সংবাদদাতার বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলার পাল্টা জবাব দিতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েল সরকার দেশজুড়ে এই জরুরি অবস্থা জারি করেছে।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, আক্রমণের পর সারা দেশের আকাশসীমা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 

তেহরানে হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ। ছবি: রয়টার্স

তেহরানের পাশাপাশি কেরমানশাহ, লরেস্তান, তাবরিজ, ইস্ফাহান, কারাজসহ বেশ কিছু শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এদিকে ইরান এ হামলার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা।

একজন মুখপাত্র জানিয়েছে, তেহরানে আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Tehran, #Iran pic.twitter.com/C1qZ1n933E— Shin (@hey_itsmyturn) February 28, 2026

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা করা হয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললার পর থেকেই অবশ্য এরকম হামলার আশঙ্কা করা হচ্ছিল।

তেহরানের আবেদ স্কয়ারে হামলা। ছবি: বিবিসি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় গতকাল বলা হয়, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এছাড়া ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় আসার কূটনৈতিক প্রচেষ্টার মাঝখানেই এ হামলা চালানো হলো। আগামী সপ্তাহেও ইরান-যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার কথা ছিল।

 

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / যুক্তরাষ্ট্র-ইরান / ইরান / মধ্যপ্রাচ্য / ইরানে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net