নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮
নেপালের ধাদিং জেলার গাজুরির কাছে ত্রিশুলি নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভট্ট জানান, পোখরা থেকে কাঠমান্ডুর দিকে আসছিল বাসটি। রাত দেড়টার দিকে কাঠমান্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে পৃথ্বী হাইওয়ে থেকে বাসটি ত্রিশুলি নদীতে পড়ে যায়। এই ঘটনায় ২৬ জন যাত্রী আহত হয়েছেন।
ভট্ট জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসটি থেকে ২৮ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চালাতে নেপাল সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নেপাল পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন পুরুষ যাত্রী রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে একজন জাপানি ও একজন ডাচ নাগরিক রয়েছেন, তারা দুজনই নারী।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
