রাশিয়ার স্টারলিংক সেবা বন্ধ করায় 'আসল ফল' পাচ্ছে ইউক্রেন
ইলন মাস্ক রাশিয়ার ড্রোন হামলার জন্য স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার বন্ধ করতে যে ব্যবস্থা নিয়েছেন, তাতে ইউক্রেন 'আসল ফল' পাচ্ছে বলে জানান ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা।
স্পেস-এক্স প্রতিষ্ঠাতাকে 'স্বাধীনতার সত্যিকারের চ্যাম্পিয়ন এবং ইউক্রেনের জনগণের প্রকৃত বন্ধু' বলে প্রশংসা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেডোরভ। তিনি জানান, রাশিয়ান ড্রোনগুলো স্টারলিংক সংযোগ ব্যবহার করে দেশে হামলা চালাচ্ছে—এ কথা জানানোর সঙ্গে সঙ্গেই মাস্ক দ্রুত ব্যবস্থা নিয়েছেন।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার বেশ কিছু প্রাণঘাতী হামলার সঙ্গে এই ড্রোনগুলোর যোগসূত্র পাওয়া গেছে। এর মধ্যে চলন্ত যাত্রীবাহী ট্রেনে একটি হামলার ঘটনাও রয়েছে, যাতে ছয়জন নিহত হয়েছিলেন।
এক্সে (সাবেক টুইটার) মাস্ক লিখেছেন, 'রাশিয়ার স্টারলিংকের অননুমোদিত ব্যবহার বন্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, মনে হচ্ছে তা কাজে দিয়েছে। আরও কিছু করার প্রয়োজন হলে আমাদের জানাবেন।'
স্পেস-এক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট সেবা দেয়। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের প্রথম দিন থেকেই এটি ইউক্রেনে সচল রয়েছে।
ফেডোরভ জানান, রাশিয়ান ড্রোনগুলোকে গুলি করে নামানো বেশ কঠিন। কারণ এগুলো নিচু দিয়ে ওড়ে এবং ইলেকট্রনিক যুদ্ধকৌশল দিয়ে এদের আটকানো যায় না। তাছাড়া দূর থেকে অপারেটররা এগুলোকে সরাসরি বা 'রিয়েল টাইমে' নিয়ন্ত্রণ করে।
'ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার' জানুয়ারির মাঝামাঝি সময়ে সতর্ক করেছিল। তারা জানিয়েছিল, সস্তা কামিকাজে 'মোলনিয়া-২' ড্রোনে স্টারলিংক লাগানোর পর থেকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার দক্ষতা 'নাটকীয়ভাবে' বেড়ে গেছে।
ফেডোরভ বা মাস্ক কেউই অবশ্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত বলেননি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট 'আর্মিয়া ইনফর্ম' জানিয়েছে, ইউক্রেনের ওপর দিয়ে চলাচলকারী স্টারলিংক টার্মিনালগুলোর জন্য ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছে স্পেস-এক্স।
ওয়েবসাইটটিতে বলা হয়, 'রাশিয়ান ড্রোনগুলো এর চেয়ে অনেক বেশি গতিতে চলে। তাই শত্রুপক্ষের অপারেটররা এখন আর সেগুলোকে রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করতে পারবে না।'
সোমবার ফেডোরভ জানান, ইউক্রেন সরকার অনুমোদিত স্টারলিংক স্যাটেলাইট টার্মিনালগুলোর একটি 'হোয়াইট লিস্ট' বা তালিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, অনিবন্ধিত সব টার্মিনাল বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
ফেডোরভ বলেন, 'আমরা স্পেস-এক্স এর সহযোগিতায় এটি বাস্তবায়ন করছি।' টার্মিনাল নিবন্ধনের নির্দেশনা শিগগিরই আসবে বলেও তিনি জানান।
রাশিয়ান যুদ্ধ বিষয়ক ব্লগাররা সতর্ক করেছেন যে, এর প্রভাব শুধু ড্রোন নয়, আরও ব্যাপকভাবে পড়তে পারে। কারণ রাশিয়ান সেনাবাহিনী ফ্রন্টলাইন বা সম্মুখসারিতে ইন্টারনেট ব্যবহারের জন্য স্টারলিংক ব্যবহার করে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর হামলার পরপরই মাস্কের সাহায্য চেয়েছিলেন তৎকালীন উপ-প্রধানমন্ত্রী ফেডোরভ। দিন শেষ হওয়ার আগেই মাস্ক জানিয়েছিলেন ইউক্রেনে স্টারলিংক চালু করা হয়েছে এবং আরও স্যাটেলাইট ডিশ পাঠানোর প্রতিশ্রুতি দেন।
কিন্তু ইউক্রেনকে স্টারলিংক দেওয়ার কিছুদিনের মধ্যেই কিয়েভের সঙ্গে মাস্কের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
২০২২ সালের শেষের দিকে তিনি ক্রিমিয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীকে স্টারলিংক ব্যবহারের সুযোগ দিতে অস্বীকার করেন। ২০১৪ সালে অবৈধভাবে দখলের পর থেকে রাশিয়া সেখানে সামরিক সরঞ্জাম মজুদ করে আসছে।
তখন মাস্ক তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, স্টারলিংক ব্যবহার করে ইউক্রেন 'রাশিয়ার নৌবহরের বড় অংশ ডুবিয়ে দিত'। এতে স্পেস-এক্স 'বড় ধরনের যুদ্ধের সহযোগী' হয়ে পড়ত।
এরপর থেকে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দেওয়ায় পশ্চিমা দেশগুলোর বারবার সমালোচনা করেছেন মাস্ক। তিনি বলেছিলেন, 'কোনো জবাবদিহি এবং শেষ পরিণতি জানা ছাড়াই ইউক্রেনে এত টাকা পাঠানো পাগলামি।'
তবে তিনি এও বলেছেন, 'ইউক্রেন নীতি নিয়ে আমার যত দ্বিমত থাকুক না কেন, স্টারলিংক কখনোই তাদের টার্মিনাল বন্ধ করবে না।'
মার্চ মাসে মাস্ক বলেছিলেন, 'আমার স্টারলিংক সিস্টেম ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড। আমি এটি বন্ধ করে দিলে তাদের পুরো ফ্রন্টলাইন ধসে পড়বে।'
এসব উত্তেজনার মধ্যেও গত সপ্তাহে ফেডোরভ আবারও মাস্কের প্রশংসা করেন। যুদ্ধের শুরুতে দ্রুত ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, 'আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য স্টারলিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।'
৩৫ বছর বয়সী সাবেক ডিজিটাল রূপান্তর মন্ত্রী ফেডোরভকে গত মাসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেন।
ফেডোরভ তথ্য-উপাত্ত বা ডেটা-নির্ভর কৌশল এবং উন্নত সাইবার যুদ্ধের পক্ষে। তিনি সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর যুক্তি, অংশীদারদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
