জালিয়াতির ক্ষতি পোষাতে ধনকুবেরের ‘হার্মিস বারকিন’ ব্যাগ বিক্রি করবে ভিয়েতনাম
জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হাজার কোটি টাকা উসুল করতে এবার ভিয়েতনামের ধনকুবের ট্রুং মাই ল্যানের শখের জিনিসপত্র বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি হার্মিস বারকিন ব্যাগ ও একটি বিলাসবহুল ইয়ট।
এই বিতর্কিত ব্যবসায়ী বর্তমানে যাবজ্জীবন সাজা খাটছেন। দেশটির একটি বড় ব্যাংক থেকে অর্থ আত্মসাতের দায়ে তাকে ২৭ বিলিয়ন ডলার (১৯ বিলিয়ন পাউন্ড) ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হো চি মিন সিটির সিভিল জাজমেন্ট এনফোর্সমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা ল্যানের কাছ থেকে জব্দ করা কুমিরের চামড়ার তৈরি দুটি হার্মিস বারকিন ব্যাগের মূল্য নির্ধারণের জন্য বিশেষজ্ঞ খুঁজছে। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এদিকে আগামী মাসেই তার ইয়টটি নিলামে উঠতে যাচ্ছে। এর প্রাথমিক দাম ধরা হয়েছে ৪ হাজার ৯৩০ কোটি ভিয়েতনামী ডং (১৯ লাখ ডলার)।
২০২৪ সালের এপ্রিলে ট্রুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, তিনি গোপনে 'সাইগন কমার্শিয়াল ব্যাংক' নিয়ন্ত্রণ করতেন। এটি দেশটির পঞ্চম বৃহত্তম ব্যাংক। ভুয়া কোম্পানির মাধ্যমে ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি ব্যাংকটি থেকে ৪ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নিয়েছিলেন।
কৌঁসুলিরা জানান, এর মধ্যে ২ হাজার ৭০০ কোটি ডলার অপব্যবহার এবং ১ হাজার ২০০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। এটিকে বিশ্বের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে।
ল্যান সব অভিযোগ অস্বীকার করেছিলেন এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলও করেছিলেন। তবে তা সফল হয়নি। অবশ্য গত জুনে ভিয়েতনাম কিছু অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বিলোপ করায় তার সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়।
তার সঙ্গে স্বামী ও ভাতিজিসহ ৮০ জনেরও বেশি মানুষের বিচার হয়েছে এবং সবাই দোষী সাব্যস্ত হয়েছেন। ভিয়েতনামের দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে নাটকীয় বিচার, যা দেশ-বিদেশের মানুষের নজর কেড়েছিল।
ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং জালিয়াতির ক্ষতি পোষাতে এখন এই ধনকুবেরের সম্পদের দিকেই নজর কর্তৃপক্ষের। স্থানীয় গণমাধ্যম বলছে, তার কোম্পানির শেয়ার ও আবাসনসহ ১ হাজার ২০০টিরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
এই সপ্তাহে হো চি মিন সিটির ওই সংস্থাটি জানিয়েছে, তারা ল্যানের দুটি হার্মিস ব্যাগ, পোশাক ও একটি ঘড়িসহ বেশ কিছু সম্পদ জব্দ করেছে।
বিচারের সময় ল্যান তার ব্যাগ দুটি নিজের কাছে রাখার চেষ্টা করেছিলেন। আদালতে তিনি বলেছিলেন, একটি তিনি ইতালিতে কিনেছিলেন এবং অন্যটি এক মালয়েশিয়ান ব্যবসায়ীর দেওয়া উপহার। তিনি চেয়েছিলেন ব্যাগগুলো তার সন্তান ও নাতি-নাতনিদের জন্য 'স্মৃতিচিহ্ন' হিসেবে রেখে যেতে।
কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে দেয় এবং রায় দেয় যে এগুলো অবৈধ আয়ের টাকায় কেনা। হার্মিসের এক্সক্লুসিভ বারকিন ব্যাগের দাম কয়েক লাখ ডলার পর্যন্ত হতে পারে।
গত অক্টোবরে হো চি মিন সিটির কেন্দ্রস্থলে ল্যানের একটি সম্পত্তি সফলভাবে নিলামে বিক্রি হয়েছে। যার দাম উঠেছিল ৬০০ বিলিয়ন ডংয়েরও বেশি।
চলতি মাসের শুরুতে কর্তৃপক্ষ তার 'রেভারি সাইগন' ইয়টটি ৫ হাজার ২৪০ কোটি ডং দামে নিলামে তোলার চেষ্টা করেছিল। কিন্তু কেউ তা কেনেনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দাম কমিয়ে এটি আবারও নিলামে তোলা হবে। নিলামে অংশ নিতে হলে ক্রেতাদের প্রাথমিক মূল্যের ২০ শতাংশ জমা দিতে হবে। এ ছাড়া ল্যানের আরও দুটি নৌকা নিলামে তোলা হবে। প্রতিটির দাম ধরা হয়েছে ৪৮০ কোটি ডং।
