শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র; নিহত ২৯, বিদ্যুৎহীন ৬ লাখ ৭০ হাজারের বেশি পরিবার
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় অংশজুড়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত দেশটির বিস্তীর্ণ এলাকায় এখন ভারী তুষারপাতের পাশাপাশি বিপজ্জনক শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
টেক্সাসের ফ্রিসকো শহরে স্লেডিং করতে গিয়ে দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। অস্টিন এলাকায় হাইপোথার্মিয়ায় (প্রচণ্ড ঠান্ডায়) একজন প্রাণ হারিয়েছেন। লুইজিয়ানা কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। মিসিসিপির গভর্নর টেট রিভস দুইজনের মৃত্যুর কথা জানিয়েছেন। এছাড়া আরকানসাসে স্লেডিং দুর্ঘটনায় ১৭ বছরের এক কিশোর এবং নর্থ ক্যারোলাইনায় একটি হাইওয়েতে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ঝড়ের সময় শহরের বাইরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কানসাসে এক নারীকে তুষারে ঢাকা অবস্থায় মৃত উদ্ধার করা হয় এবং তার মৃত্যুর কারণ হিসেবে হাইপোথার্মিয়া ধারণা করা হচ্ছে। ম্যাসাচুসেটসে বরফ সরানোর যন্ত্রের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে এবং টেনেসিতে আবহাওয়া-সংক্রান্ত কারণে তিনজন প্রাণ হারিয়েছেন।
সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২০ কোটি মানুষ তীব্র শীতের সতর্কতার আওতায় ছিলেন। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই হাড়কাঁপানো ঠান্ডা পুরো সপ্তাহজুড়ে স্থায়ী হতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে এবং এই পরিস্থিতি ফেব্রুয়ারির শুরু পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পাওয়ারআউটেজডটকমের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৬ লাখ ৭০ হাজারেরও বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, যার বড় অংশই দক্ষিণাঞ্চলে। মিসিসিপি ও টেনেসিতে বরফমিশ্রিত বৃষ্টির কারণে গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে মিসিসিপি বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড ক্যাম্পাস) ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বাতিল ঘোষণা করেছে। ক্যাম্পাসের ভেতরে ও আশপাশের এলাকায় গাছ উপড়ে পড়ায় রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
ঝড়ের প্রভাবে যাতায়াত ব্যবস্থাও চরমভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইটআওয়ারডটকমের তথ্য অনুযায়ী, রবিবার ১০ হাজার ৫০০টি এবং সোমবার প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
তুষারপাতের পরিমাণ ম্যাসাচুসেটসে সর্বোচ্চ ২০ ইঞ্চি এবং পেনসিলভেনিয়ার কিছু এলাকায় ২৩ ইঞ্চি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে পাবলিক লাইব্রেরি, স্মিথসোনিয়ান মিউজিয়াম এবং ন্যাশনাল জু সোমবার বন্ধ রাখা হয়েছে। নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকতে পারে। এমনকি সপ্তাহের শেষ দিকে আরও একটি বড় শীতকালীন ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বাসিন্দাদের সতর্ক করে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
