দুর্বল শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন হয়েছে: অজিত দোভাল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, 'দুর্বল শাসনই' গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনে মূল কারণ ছিল।
শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, শাসন 'জাতি গঠনের প্রক্রিয়ায়' এবং রাষ্ট্রের সুরক্ষায় একটি 'মূল ভূমিকা' পালন করে।
অজিত দোভাল বলেন, 'মহান সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতন আসলে তাদের শাসন ব্যবস্থারই ইতিহাস। সম্প্রতি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল শাসনেরই নজির।'
প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থকদের অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠেয় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন।
জাতি গঠনে শাসন ব্যবস্থার ভূমিকাকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' হিসেবে উল্লেখ করে দোভাল বলেন, 'আমি বিশ্বাস করি, জাতি গঠন প্রক্রিয়ায়, একটি জাতিকে সুরক্ষিত করতে এবং এর লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জনে সহায়তা করার ক্ষেত্রে শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'
এ সময় তিনি অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ প্রশাসনের কারণে ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতনের উদাহরণও তুলে ধরেন।
