‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা স্যাম নিল মারা গেছেন। 'জুরাসিক পার্ক' ও 'দ্য পিয়ানো' চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার অভিনেতার পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে তার মৃত্যু হয়েছে। পরিবার বলেছে, তার মৃত্যু ছিল 'হঠাৎ এবং অপ্রত্যাশিত'।
২০২৩ সালে স্যাম নিল প্রকাশ করেছিলেন যে, তিনি অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা, যা বিরল ধরনের নন-হজকিন লিম্ফোমা, তাতে আক্রান্ত হয়েছেন। তবে পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন। তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
দীর্ঘ অভিনয়জীবনে শিল্পধর্মী চলচ্চিত্র থেকে শুরু করে হলিউডের ব্লকবাস্টার—সব ধরনের ছবিতে সফলভাবে অভিনয় করেছেন নিল। 'জুরাসিক পার্ক'-এ ভেলোসির্যাপটরের সঙ্গে লড়াই করা ড. অ্যালান গ্রান্ট চরিত্র এবং 'দ্য পিয়ানো'-তে অভিনয় তাকে বিশেষ খ্যাতি এনে দেয়।
১৯৭০-এর দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ান চলচ্চিত্রের উত্থানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া অভিনেতা-পরিচালকদের অন্যতম ছিলেন তিনি।
টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে কয়েক দশকের ক্যারিয়ারে তিনি 'পিকি ব্লাইন্ডার্স', 'দ্য হান্ট ফর রেড অক্টোবর' এবং 'ওমেন থ্রি: দ্য ফাইনাল কনফ্লিক্ট'-সহ অসংখ্য জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন।
অভিনয়ের বাইরে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের মনোরম সেন্ট্রাল ওটাগো অঞ্চলে নিজস্ব আঙুরখেতও পরিচালনা করতেন তিনি।
স্যাম নিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। তিনি বলেন, 'তিনি ছিলেন আমাদের সেরাদের একজন। যখন দেশে বলার মতো কোনো চলচ্চিত্রশিল্পই ছিল না, তখনই তিনি যাত্রা শুরু করেছিলেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি নিউজিল্যান্ডের গল্প বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন এবং তার প্রতিভা আমাদের চলচ্চিত্রশিল্পকে আজকের অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'
