আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
আজ শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'রেকর্ড স্টোর ডে ২০২৬'। ভাইনাইল রেকর্ডপ্রেমী, সংগীত সংগ্রাহক এবং স্বাধীন রেকর্ড স্টোরগুলোর জন্য এই দিনটি এখন এক আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও বিশেষ সংস্করণের ভাইনাইল প্রকাশ, বড় ছাড়, লাইভ মিউজিক ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
আয়োজকদের (recordstoreday.com) তথ্য অনুযায়ী, এ বছর ৩৬৫টিরও বেশি সীমিত সংস্করণের ভাইনাইল অ্যালবাম ও সিঙ্গেল প্রকাশ পাচ্ছে। এই বিশেষ সংগ্রহগুলো শুধুমাত্র অংশগ্রহণকারী স্বাধীন রেকর্ড স্টোরগুলোতেই পাওয়া যাবে। এ নিয়ে বিশ্বজুড়ে সংগ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিভিন্ন দেশে প্রিয় রেকর্ডটি সংগ্রহ করতে অনেককেই ভোর থেকে স্টোরের সামনে লাইনে দাঁড়াতে দেখা গেছে।
রেকর্ড স্টোর ডের সূচনা হয়েছিল ২০০৭ সালে, আর প্রথম আনুষ্ঠানিক উদযাপন শুরু হয় ২০০৮ সাল থেকে। মূলত স্বাধীন রেকর্ড দোকানগুলোর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় সংগীত সম্প্রদায়কে শক্তিশালী করাই ছিল এই দিবসের মূল উদ্দেশ্য। সময়ের সঙ্গে সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে ইউরোপ, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে এটি সংগীতপ্রেমীদের ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন।
বর্তমান ডিজিটাল স্ট্রিমিংয়ের যুগেও ভাইনাইলের প্রতি সংগীতপ্রেমীদের আগ্রহ কমেনি; বরং সাম্প্রতিক বছরগুলোতে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সংগীত বিশ্লেষকদের মতে, অ্যানালগ সাউন্ডের উষ্ণতা, বড় কভার আর্ট এবং সংগ্রহযোগ্যতার নান্দনিকতা নতুন প্রজন্মের কাছেও ভাইনাইলকে আকর্ষণীয় করে তুলেছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকাতেও দিনটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বাংলাদেশে ভাইনাইল রেকর্ড ও হাই এন্ড অডিও যন্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান 'অ্যানালগ বিট' ও 'অডিও সিটি বাংলাদেশ' ঘরোয়া পরিবেশে দিবসটি উদযাপনের বিশেষ ব্যবস্থা করেছে।
রাজধানীর বনানীর ১৫ নম্বর রোডের ডি-ব্লকে অবস্থিত ১৮ নম্বর বাসার 'অ্যানালগ বিট'-এর নিজস্ব কার্যালয়ে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই আয়োজন চলবে। এতে দেশের ভাইনাইল রেকর্ড সংগ্রাহকদের এক মিলনমেলা ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
