জেলেদের জন্য টেকসই বিকল্প আয়ের ব্যবস্থা করবে সরকার: কৃষিমন্ত্রী
ইলিশ আহরণ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া জেলেদের জন্য সরকার টেকসই বিকল্প আয়ের ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদি গ্রামে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মাছ ধরা বন্ধ থাকার সময়ে জেলেদের পরিবারকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। অনেককে ঋণ নিতে হয়, যা তাদের আর্থিক সংকট আরও বাড়িয়ে দেয়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে জেলেদের জন্য টেকসই বিকল্প আয়ের ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সরকার চিন্তা করছে।
চাঁদপুরের ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নদীতে খাঁচায় মাছ চাষসহ আধুনিক ও উপযোগী প্রযুক্তিনির্ভর বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, এ অঞ্চলে প্রচলিত পদ্ধতিতে পুকুরে মাছ চাষ সব সময় সহজ নয়। বর্ষায় পানি বেড়ে গেলে মাছ ভেসে যাওয়ার ঝুঁকি থাকে। তাই স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্প আয়ের পথ খুঁজতে হবে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে শুধু সরকারি সহায়তা যথেষ্ট নয়; এজন্য জেলেদের সচেতনতা ও দায়িত্ববোধ জরুরি। মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে, যার সুফল জেলেরাই পাবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা ও জেলেরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন।
