দুর্গাপূজা: প্রতিমা বিসর্জনের দিন দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করবে এসআরবি
আসন্ন দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা নিশ্চিতে দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (১০ অক্টোবর) এসআরবি-২ এর সদর দপ্তরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভায় এই তথ্য জানান বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এসআরবি-২ এর দায়িত্বপূর্ণ এলাকাধীন বিভিন্ন পূজা উদযাপন কমিটির ২৭ জন প্রতিনিধি এবং এসআরবি-২ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নয়মুল হাসান জানান, পূজা চলাকালীন নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ এসআরবি-২ সদর দপ্তরে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম স্থাপন, সার্বক্ষণিক হটলাইন সেবা চালু (০১৭৭৭৭১০২৯৯), পূজা মণ্ডপ কেন্দ্রিক নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন এবং বিশেষ মোটরবাইক রোবাস্ট পেট্রোলিং পরিচালিত হবে।
স্যোশাল মিডিয়ার গুজব প্রতিরোধে সার্বক্ষণিক স্যোশাল মিডিয়া মনিটরিং করা হবে জানিয়ে তিনি বলেন, 'সুরক্ষা অ্যাপস'- এর মাধ্যমে পূজামন্ডপে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিক সব আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে পৌঁছে যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জনের দিন এসআরবি'র পক্ষ থেকে ২টি হেলিকপ্টার এবং ড্রোন মোতায়েন থাকবে।
সভায় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা যেসব পূজামন্ডপ মসজিদের পাশে অবস্থিত সেগুলোকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এবং পূজামন্ডপকেন্দ্রিক প্রচন্ড যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
এসআরবি-২ এর অধিনায়ক তাদের আশ্বস্ত করে বলেন, 'কোনো দূষ্কৃতিকারি অথবা স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর অপতৎপরতা চালালে তাদের কঠোর হাতে দমন করে আইনের আওতায় আনা হবে।'
তিনি জানান, আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে এসআরবি বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, 'বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্রকে সম্মান করি।'
যানজট নিরসনে ডিএমপি ট্রাফিক বিভাগের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পাশাপাশি পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে এসআরবি-২ হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
