বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা। সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তিনি বলেন, এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তাই আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদযাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
এর আগে, তিনি মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী ডিয়ানি ক্রিস্টেন্স নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। তারা সেখানে চা পান করেন এবং আড্ডায় মেতে ওঠেন।
এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ।
