২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মশাবাহিত এ রোগে চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে এবং দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৯০ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে।
মৃত ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং বরিশাল বিভাগে দুজন করে, খুলনা বিভাগে তিনজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৪ হাজার ২৯৯ জন।
গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।
