নিউগিনি প্রপার্টিজে হামলার মামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জোনাইদের আদালত গত রোববার এ আদেশ দেন। সোমবার (৫ অক্টোবর) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গত বুধবার ঢাকার রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে বৃহস্পতিবার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর জেহাদ হোসেন। গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।
শুনানি শেষে আদালত আগামী ধার্য দিন ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর প্রায় ৫০ জনের একটি দল নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় ঢুকে গুলি, রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
হামলাকারীরা নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম লুট এবং গাড়ি ভাঙচুর করে। এতে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি ও ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
