রিয়াদের বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের জোট জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা হয়েছে। আজ রোববার বিমানবন্দরটির একটি টার্মিনাল লক্ষ্য করে একটি 'অজ্ঞাত প্রজেক্টাইল' নিক্ষেপ করা হয়। এতে সেখানে আগুন লাগে।
এর কয়েক ঘণ্টা আগে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরগুলো এড়িয়ে চলতে বিভিন্ন এয়ারলাইনস ও যাত্রীদের সতর্ক করেছিল।
জোটটি আরও জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার একই বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এরপর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। হুতি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।
সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের জোট জানিয়েছে, রোববারের নিক্ষিপ্ত বস্তুটি রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিরা বলেছিল, "সব বিমান সংস্থা, বিশেষজ্ঞ, কর্মচারী, শ্রমিক ও যাত্রীদের প্রতি আমরা আবারও সতর্কবার্তা দিচ্ছি—সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকুন। এসব স্থাপনায় হামলার ঝুঁকি রয়েছে এবং এগুলো আমাদের বাহিনীর সামরিক অভিযানের ক্ষেত্র হয়ে উঠেছে। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনার বিমানবন্দর এ সতর্কতার আওতামুক্ত।"
