আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাসটি ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউজে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রাথমিকভাবে এর প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে।
মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ মিশনের দায়িত্ব নিয়েছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।
দূতাবাসটি চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়বে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারেও কাজ করবে দূতাবাস।
