ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
সম্প্রতি ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য করা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম প্রিভেনশনের যুগ্ম কমিশনার (সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
সম্প্রতি রাজধানীতে এক প্রতিবাদ মিছিল শেষে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, 'সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।'
তার এই মন্তব্যের বিষয় তুলে ধরে ব্রিফিংয়ে সাংবাদিকরা যুগ্ম কমিশনারের কাছে জানতে চান, সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটছে, সেগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই করছে নাকি অন্য কেউ জড়িত আছে? তখন যুগ্ম কমিশনার বলেন, 'নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছে। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।'
তাহলে কি নাসিরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানতে চাইলে তিনি বলেন, 'এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে।'
