অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হবে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যে সকল নতুন কর্মসূচি হাতে নিয়েছে, এতে একটি জাগরণ সৃষ্টি হবে। দলমত নির্বিশেষে সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দেন, তাহলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকার রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্তকরণের জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। রহমতখালী খালে বিভিন্ন প্রজাতির ৩৫ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'মাছে-ভাতে বাংলাদেশের মানুষ। সবকিছু মিলিয়ে আমরা নিজেদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করতে সক্ষম হব। স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠার টার্গেট পয়েন্টে লক্ষ্য রেখেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।'
তিনি বলেন, নির্বাচনের পর থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে বৃক্ষরোপণ অভিযান এবং সারাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন হাতে নেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। মৎস্য অবমুক্তকরণও এসব কর্মসূচির আওতায় রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় তীক্ষ্ম দৃষ্টি এবং দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব।
তিনি আরও বলেন, 'আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। পাশাপাশি সবকিছুর সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। ইতোমধ্যে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আমরা অব্যাহত রেখেছি। প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো আমরা পরিষ্কার করেছি। পানিতে যথেষ্ট প্রবাহ রয়েছে। আজ মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সবাই মিলে আমরা সামাজিক এ উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।
