শিগগিরই আসছে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ প্রকল্প: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সরকারের 'ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট' (একটি গ্রাম, একটি পণ্য) প্রকল্প খুব দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সামনে আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
শনিবার (২০ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত 'রাজনীতিতে নারীর অংশগ্রহণ: সুযোগ ও সীমাবদ্ধতা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, 'সরকারের উন্নয়ন পরিকল্পনা শুধু শহরকেন্দ্রিক বড় বড় প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রতিটি গ্রামকে কেন্দ্র করে একটি সমন্বিত, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।'
তিনি বলেন, 'শুধু ঢাকা বা আটটি বিভাগীয় শহরকে উন্নত করাই আমাদের পরিকল্পনা নয়। আমাদের অধিকাংশ পরিকল্পনাই এখন গ্রামকেন্দ্রিক। কারণ, একটি গ্রামকে সত্যিকার অর্থে উন্নত করতে পারলে পুরো দেশই স্বাবলম্বী হয়ে এগিয়ে যাবে।'
উন্নয়নের প্রচলিত ধারণার বাইরে গিয়ে তিনি কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নির্মাণ বা একতলা স্কুল ভবনকে দোতলা করা নয়। প্রকৃত উন্নয়ন হলো একটি গ্রামের সামগ্রিক ও টেকসই রূপান্তর। যেখানে প্রতিটি পরিবারের ভালো থাকা, সন্তানের শিক্ষার সুব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান, মায়ের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা এবং বাবার ব্যবসা বা চাকরির নিশ্চয়তা থাকবে। এই সবকিছুর সমন্বয়ে একটি মজবুত ভিত্তি তৈরি করাই সরকারের মূল উদ্দেশ্য।'
নতুন প্রকল্প প্রসঙ্গে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ সম্ভাবনাকে কাজে লাগাতে 'ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট' কর্মসূচি নিয়ে কাজ চলছে। যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে খুব শিগগিরই এই মেগা উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া জনগণের সামনে তুলে ধরা হবে।
তিনি বলেন, 'ঘরে ঘরে টেকসই উন্নয়নের সুফল পৌঁছে দিয়ে একটি গ্রামকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।'
