৩৪, ৩৫ ও ৩৬তম বিসিএস নন-ক্যাডার সহকারী শিক্ষকদের পদোন্নতির উদ্যোগ
৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের 'সিনিয়র শিক্ষক' পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে মাউশিতে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাউশির অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য দুই সেট হার্ডকপি বাহকের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে শিক্ষকদের বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পাঠাতে বলা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র এবং শিক্ষক চাকরি সন্তোষজনকভাবে করছেন মর্মে প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব তথ্য ও কাগজপত্র মাউশিতে পাঠানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
