বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন।
তার এই পদক্ষেপের ফলে প্রায় দু'বছরের আইনি জটিলতার অবসান ঘটবে এবং দীর্ঘদিন আটকে থাকা পর্ষদ সভা ও বার্ষিক সাধারণ সভা আয়োজনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে কারাগারে থাকা এবং একাধিক ফৌজদারি মামলার আসামি সালমান এফ রহমান সরকারের সাথে আলোচনার পর পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সম্মতি জানিয়েছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর হাতে আসা চিঠি অনুযায়ী, গ্রুপটির তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান—বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং শাইনপুকুর সিরামিকস পিএলসি—সালমান এফ রহমানের সরে দাঁড়ানোর ইচ্ছার কথা পৃথকভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে। একই সাথে তারা পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চেয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, তার এই পদত্যাগের ফলে কোম্পানিগুলোর পর্ষদ পরিচালনায় বিদ্যমান বড় ধরনের বাধা দূর হবে এবং পর্ষদ সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ তৈরি হবে।
