অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: বিশেষজ্ঞ
অক্টোবরে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও চিকিৎসা কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার।
তিনি বলেন, 'আমাদের পূর্বাভাস মডেল বলছে, অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে।'
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানিং ফর ডেঙ্গু প্রিভেনশন' শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক কবিরুল বাশার বলেন, এডিস মশা শুধু দিনে কামড়ায়, রাতে কামড়ায় না—এ ধারণা ভুল। এডিস মশা রাতেও কামড়ায়। বিভিন্ন সময়ে পরীক্ষা করে বিষয়টি দেখা গেছে।
তিনি বলেন, শীতকালে কিউলেক্স মশা বেশি দেখা যায়। অন্যদিকে এডিস মশা তুলনামূলক কম দেখা যাওয়ায় মানুষ বিষয়টি উপেক্ষা করে। তবে এখন মশা দেখা না গেলেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এডিস মশা দমনে ফগিংয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে কবিরুল বাশার বলেন, এডিস মশার বিরুদ্ধে ফগিং মোটেও কার্যকর নয়। তাই ফগিং বন্ধ করা উচিত। এটি শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, এডিস মশা দমনে প্রমাণভিত্তিক পদক্ষেপ নিতে হবে।
ডেঙ্গু ছড়ানোর সময় সম্পর্কে তিনি বলেন, একটি এডিস মশা একজন ডেঙ্গু রোগীকে কামড়ানোর পর অন্য একজনকে কামড়ালেই সঙ্গে সঙ্গে তার ডেঙ্গু হবে না। এ ক্ষেত্রে অন্তত দুই দিন সময় লাগে। এ কারণে বাড়ির একজনের ডেঙ্গু হলে কয়েক দিন পর পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত হওয়ার ঘটনা দেখা যায়।
'তাই বাড়ির একজনের ডেঙ্গু হলে অন্যদের সুরক্ষিত রাখতে বাড়ির সব মশা মেরে ফেলতে হবে,' বলেন তিনি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান।
