টকশোতে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
টেলিভিশন টকশোতে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, টকশোতে যে নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন, তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের এক পোস্টেও এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল; ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা; বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল; মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির প্রমুখ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা টকশো ও গণমাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং জনমত গঠনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও পরামর্শ দেন।
