সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের রেকর্ড পেল দুদক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির যাবতীয় রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশটিতে থাকা তাদের 'অপরাধলব্ধ সম্পদ' জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) জবাবে এসব নথি পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠির বরাতে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিষয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো এমএলএআর দেশটির সেন্ট্রাল অথরিটি এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে। ওই অনুরোধে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড চাওয়া হয়েছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের 'অপরাধলব্ধ সম্পদ' জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়।
দুদকের চিঠি অনুযায়ী, ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) থেকে 'FBI FD-302 Report of Investigation' এবং 'Property records as described in FBI FD-302 Report' একটি সিডি-তে সংযুক্ত করে প্রেরণ করা হয়েছে।
তবে এমএলএআরে চাওয়া অন্যান্য রেকর্ড ও তথ্যের বিষয়ে পরবর্তী সময়ে জবাব দেওয়া হবে বলে দুদককে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক চিঠির মাধ্যমে জবাব দেওয়া হবে বলে দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এসব রেকর্ডপত্রের মূল কপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দুদক।
