সুন্দরবনের জেলেদের প্রথমবারের মতো খাদ্য সহায়তা দিল সরকার, অনিয়মের অভিযোগ
'বোট লাইসেন্স সার্টিফিকেট' (বিএলসি) থাকা সুন্দরবনের জেলেদের প্রথমবারের মতো খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরার উপকূলীয় গাবুরা ইউনিয়ন পরিষদে এই খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়।
তবে বিএলসিধারী অনেক জেলে এই সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। তালিকা তৈরিতেও অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।
জেলেরা অভিযোগ করে বলেন, 'বিএলসি থাকা সত্ত্বেও সহায়তা পাচ্ছি না। অনেকে আবার সুন্দরবনগামী জেলে না হয়েও সহায়তা পাচ্ছেন।'
অভিযোগের বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, 'বন বিভাগ থেকে তালিকা নিয়ে মৎস্য বিভাগ গাবুরা ইউনিয়নের জন্য ৬২৫ জনের তালিকা প্রস্তুত করেছে। জন প্রতি ৮০ কেজি চাউল সহায়তা দিয়েছে।'
তিনি বলেন, 'ইউনিয়ন পরিষদ শুধুমাত্র তাদের হাতে চাল পৌঁছে দিচ্ছে। এই তালিকা আমরা প্রস্তুত করিনি।'
শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান জানান, উপজেলার ১০টি ইউনিয়নে ২ হাজার ৫৭৪ জন জেলেকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা চলাকালে এই প্রথম সরকার এমন সহায়তা দিচ্ছে।
তিনি জানিয়েছেন, কোনো কারণে তালিকা থেকে বাদ পড়া জেলেরা বিএলসি, জেলে কার্ড ও ভোটার আইডি কার্ড সংযুক্ত করে তার দপ্তরে আবেদন করতে পারবেন। উপজেলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে পুনরায় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে।
