জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট সম্প্রসারণের পরিকল্পনা সরকারের
রোগীর চাপ বাড়তে থাকায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে হাসপাতালটির ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চিঠি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
গত ২৫ আগস্ট পরিকল্পনামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে হাসপাতালটিতে লিভার ট্রান্সপ্লান্টেশন কার্যক্রমও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ক্রমবর্ধমান রোগীর চাহিদা পূরণে শয্যাসংখ্যা ও অবকাঠামো বাড়ানো জরুরি।
তিনি প্রস্তাব করেন, 'এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড মেডিকেল কলেজ হাসপাতাল অ্যান্ড এনসিলারি বিল্ডিং ইন যশোর, কক্সবাজার, পাবনা অ্যান্ড নোয়াখালী (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন)' প্রকল্পের সঙ্গে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের ১১ ও ১২ তলার সম্প্রসারণ কার্যক্রম একীভূত করা হোক।
চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের বিপুলসংখ্যক লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি রোগীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান। ২৫০ শয্যার এ হাসপাতালে রোগীর চাপ অত্যন্ত বেশি। শয্যাসংখ্যার তুলনায় রোগীর সংখ্যা বহুগুণ বেশি হওয়ায় সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, 'এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিপুলসংখ্যক গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার রোগীর জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যও এগিয়ে যাবে।'
এ প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে স্বাস্থ্য বাজেট ব্যয় করা হবে, যাতে এসব হাসপাতালে আরও বেশি রোগী চিকিৎসা নিতে পারেন।
তিনি বলেন, "জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল সম্প্রসারণ, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নতুন ভবন ও শয্যা বৃদ্ধি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নতুন একাডেমিক ও গবেষণা বিভাগ চালু এবং বিদ্যমান ভবনগুলোতে রোগীসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।"
রোগীর চাপ বাড়ছে
পরিপাকতন্ত্র, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয় রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের পাশে দুই একর জমিতে ১০ তলা ভবনে এর কার্যক্রম চলছে।
২০১৮ সালের ৩১ অক্টোবর ২৫০ শয্যার হাসপাতালটি উদ্বোধন করা হয়। প্রায় ২১৬ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১১ সালের অক্টোবরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০ টাকার টিকিটে প্রতিদিন গড়ে প্রায় ৫৫০ থেকে ৬০০ রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নেন। এখানে গ্যাস্ট্রিক ও আলসার, লিভারের বিভিন্ন রোগ, হেপাটাইটিস, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, পিত্তথলি ও অগ্ন্যাশয়ের রোগসহ নানা জটিলতার চিকিৎসা দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের একজন সহযোগী অধ্যাপক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দেশে এখন ফ্যাটি লিভার ডিজিজ, লিভার সিরোসিস ও গ্যাস্ট্রোএন্টারোলজি রোগ বাড়ছে। গত পাঁচ-ছয় বছরে আমাদের হাসপাতাল লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি রোগীদের আস্থার জায়গা হয়ে উঠেছে। তাই প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে।"
তিনি আরও বলেন, "হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দেওয়া হলে সাধারণ রোগীরা উপকৃত হবেন।"
