যাত্রাবাড়ী থানা থেকে পালাল হত্যা মামলায় রিমান্ডে থাকা নারী, ৪ পুলিশ প্রত্যাহার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে মিতু আক্তার নামের এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে যাত্রাবাড়ী থানা হাজত থেকে কৌশলে ওই নারী পালিয়ে যান। এ ঘটনায় কনস্টেবল ও উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ওই নারী আসামি হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। সকালে কৌশলে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি এই ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।'
তবে কোন হত্যা মামলায় ওই নারী আসামি রিমান্ডে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
