সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থেকে দেশের জন্য বিশেষ তহবিল আনার সুযোগ কম: খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থেকে বাংলাদেশের জন্য বিশেষ কোনো তহবিল আনা বা শুধু দেশের স্বার্থে কাজ করার সুযোগ কম বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, '১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী এই পদে থেকে সবার জন্য কাজ করাই বাংলাদেশের দায়িত্ব।'
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মীর আহমাদ বিন কাসেম আরমান জানতে চান, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ অর্জনের ফলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে এবং এই পদ কাজে লাগিয়ে দেশের জন্য কোনো বিশেষ তহবিল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে কি না।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘে ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে। সংসদের স্পিকার যেমন সব সংসদ সদস্যের স্পিকার, তেমনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাকে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে হবে। ফলে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার সুযোগ কম।
তিনি বলেন, 'বাংলাদেশ তখনই গর্ব ও যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারবে, যখন তারা সবার জন্য কাজ করবে।'
এ সময় সাধারণ পরিষদের সভাপতির পদ অর্জনের পেছনে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী যখন তাকে এই পদের জন্য মনোনয়ন দেন, তখন এশিয়া থেকে এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের এমন উদ্যোগ।
তিনি আরও জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রচারণার জন্য ১০ বছর সময় পেয়েছিলেন আর বাংলাদেশ পেয়েছিল মাত্র ১০ সপ্তাহ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনি আমাকে একটি অসম্ভব মিশনে পাঠিয়েছেন। কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন, আমরা পারব। তার যোগ্য নেতৃত্বেই আমরা এই অসাধ্য সাধন করতে পেরেছি।'
তিনি বলেন, 'সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের স্বার্থের পাশাপাশি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের স্বার্থকে বিবেচনায় রাখতে হবে।'
