আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনি-কে তার শপথ গ্রহণের তারিখ হতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন।' এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
বিচারপতি মো. হাবিবুল গনির এই নতুন নিয়োগের ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমান বিচারকের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। বর্তমানে আপিল বিভাগে প্রায় ৪০ হাজার আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগে যুক্ত হওয়ায় হাইকোর্ট বিভাগে বর্তমানে বিচারকের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে।
বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে জেলা আদালত এবং ১৯৯২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০১০ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে উন্নীত হন এবং ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
