প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।
আজ (২২ আগস্ট) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী 'রুলস অব বিজনেস, ১৯৯৬'-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগদান ও দায়িত্ব অর্পণ করেছেন। তিনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন করবেন।
একই আদেশে জানানো হয়েছে, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন জহির উদ্দিন স্বপন সরকারের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
