স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামীর মৃত্যুতে শেষ বিদায়ে অংশ নিতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে এই মুক্তি দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তানী দীপাবলি।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, এদিন দুপুর ১২টার দিকে মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে প্রবেশ করেন। মায়ের সঙ্গে কথা বলে কারাগার থেকে বের হওয়ার পরই দীপু মনিকে ৪ দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়।
তিনি আরও জানান, আগামীকাল মুক্তি পাওয়ার পর সকালে কলাবাগানের বাসভবনে দীপু মনি তার স্বামীর মরদেহ দেখবেন। এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ (৭৬)। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
