২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুজন খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।
এদিকে, একই সময়ে ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৪৭ জনে।
এখন পর্যন্ত চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ২৫ হাজার ৬০১ জন।
