২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, '২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন। এই ভোটের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে সরবরাহ করা হবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স।'
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
ইসির সিনিয়র সচিব বলেন, 'ভোটগ্রহণ শেষে ফল গণনা করে প্রাথমিক ফলাফল সরাসরি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এছাড়া ভোটাভুটির শুরুতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও রাখা হবে। নির্বাচনে ইসির ২০ সদস্যের টিম কাজ করবে।'
বাকি বিষয়ে সংসদ সচিবালয় সমন্বয় করবে বলে জানান ইসির সিনিয়র সচিব।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে আখতার আহমেদ বলেন, 'এতে শুরুতে লাইভ টেলিকাস্ট হবে এবং সাংবাদিকদের বসার ব্যবস্থা থাকবে।'
তিনি বলেন, 'প্রতিটি ব্যালট পেপারে দুইটি অংশ থাকবে- মুড়ি অংশ এবং মূল ব্যালট। মুড়ির অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর নির্ধারিত থাকবে। ডানদিকের মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নাম থাকবে এবং পাশে থাকা ফাঁকা স্থানে ভোটার সংসদ সদস্য তার পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।'
তিনি আরও বলেন, 'ভোটারদের (সংসদ সদস্য) সুবিধার কথা মাথায় রেখে কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে, যার যেকোনো একটিতে তারা ভোট দিতে পারবেন।'
আখতার আহমেদ বলেন, 'বিকেল ৫টায় ভোট গ্রহণ সমাপ্তির পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে।'
তিনি বলেন, 'প্রাথমিকভাবে নির্ধারিত চার বা পাঁচজনের গঠিত একটি ব্যালট গণক দল ব্যালট পেপার শর্ট আউট করে গণনা কার্যক্রম শেষ করবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা নির্বাচনকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষেই সরাসরি সবার সামনে ঘোষণা করবেন।'
তিনি আরও বলেন, 'পরবর্তীতে কমিশন সচিবালয়ে এসে অফিসিয়ালি ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।'
ইসি সচিব বলেন, 'অধিবেশন কক্ষ থেকে ভোটের কার্যক্রমের সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) করার সুবিধা থাকবে এবং সাংবাদিকদের বসার জন্য নির্ধারিত স্থান রাখা হবে।'
তিনি আরও বলেন, 'কমিশনের পক্ষ থেকে আমাদের ২০ জন কর্মকর্তাকে বিশেষ আইডি কার্ড ইস্যু করা হবে।'
আজ মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় ইসি।এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এ ক্ষেত্রে একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে।
