একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড: খালাস চেয়ে সাবেক জামায়াত নেতা আবুল কালাম আযাদের আপিল
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ট্রাইবুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সদস্য মাওলানা আবুল কালাম আযাদ খালাস চেয়ে আপিল করেছেন। তার আপিলটি সোমবার (১০ আগস্ট) আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই প্রথম রায় ছিল।
বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। এ সময় জানা যায়, আপিল করার শর্তে তার মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এরপরই তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিল করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।
আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন আইনজীবী মশিউল আলম। ২১ জানুয়ারি তিনি সাংবাদিকদের বলেছিলেন, '২০১৩ সালে এখান থেকে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। দীর্ঘদিন পরে রাষ্ট্রপতির কাছে আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি তার সাজা এক বছরের জন্য স্থগিত করেছেন, সারেন্ডার (আত্মসমর্পণ) করে আপিল ফাইল করার শর্তে।'
তিনি আরও বলেন, '২২ অক্টোবর এটি প্রজ্ঞাপন আকারে জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে এসে আত্মসমর্পণ দিলাম। আদেশে বলা হয়, সারেন্ডার গ্রহণ করা হয়েছে আর ওনাকে আপিলের জন্য কাগজপত্র দেওয়া হোক। উনি যেভাবে আছেন থাকবেন।'
