মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া (২০) চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শনিবার রাতে আরও কয়েকজন সঙ্গী নিয়ে তারা মিয়া চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভোরে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফ গুলি চালালে তিনি নিহত হন।
মাগুরুলি এলাকাটি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে অবস্থিত।
নিহত মো. তারা মিয়া উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও চোরাচালানের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, 'অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর বিএসএফ গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এসে আত্মগোপনে রয়েছেন।'
তিনি বলেন, 'এ বিষয়ে ভারতীয় বিএসএফের কমান্ডারদের সঙ্গে কথা হয়েছে। বিএসএফ জানিয়েছে, কয়েকজন চোরাচালানকারী তাদের দিকে তেড়ে গিয়েছিল। বাধ্য হয়ে তারা গুলি চালিয়েছে।'
৪৬ বিজিবির অধিনায়ক আরও বলেন, ভারতে ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারতীয় পুলিশ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে।
