হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
গ্লোবাল জার্নালিস্ট ক্লাব অব সাউথ এশিয়ার এক অনুষ্ঠানে 'শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পনা অনুযায়ী'—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতক একজন আসামি। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। নানা হত্যা ও দুর্নীতির মামলায় তার বিচার চলছে। তিনি একটি দেশে পালিয়ে গেছেন। তাকে ফেরত না দিয়ে সেখানে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে যে পারস্পরিক আস্থা ও সম্মান থাকা উচিত, সেটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এটি এক ধরনের হস্তক্ষেপ।"
রিজভীর ভাষ্য, "যে গণঅভ্যুত্থানে হাজারের বেশি তরুণ, কিশোর ও শিক্ষার্থী প্রাণ দিয়েছে, সেই রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। অথচ পার্শ্ববর্তী একটি দেশ, যারা নিজেদের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে, সেখানে তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।"
তিনি বলেন, "যেদিন তার পতন ঘটেছিল, যেদিন রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন এসেছিল, ঠিক সেই দিন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া শহীদদের স্মৃতির প্রতি অবমাননা। শেখ হাসিনার হাতে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি এটি অসম্মানজনক আচরণ।"
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, "এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, "বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নেয়, তখনই আন্তর্জাতিক নানা চক্রান্ত শুরু হয়। জিয়াউর রহমান এই জাতিকে ক্ষুধামুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তাকে হত্যা করা হয়। এখনো বিভিন্ন পরিকল্পনা ও ষড়যন্ত্র চলছে।"
