স্টিয়ারিং বিকল হয়ে চট্টগ্রাম বন্দরের কাছে আটকে গেল কনটেইনারবাহী জাহাজ
স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটির কারণে একটি কনটেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর চ্যানেলের কাছে আটকা পড়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকেলে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলো সমন্বিত উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব সৈয়দ রেফায়েত হামিম।
এক বিবৃতিতে তিনি জানান, আজ দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে চ্যানেল দিয়ে চলাচলের সময় কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটি দেখা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি প্রথমে ২ নম্বর রেড বয়াতে ধাক্কা দেয়। পরে এটি রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে পড়ে।
বন্দর সচিব জানান, ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ জাহাজটি উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান শুরু করে। এ অভিযানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য সামুদ্রিক সংস্থাকেও উদ্ধারকাজে যুক্ত করা হয়েছে। তারা সিপিএ'র সঙ্গে সমন্বয় করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়া এবং বন্দর চ্যানেলে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে কাজ করছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযান নিয়ে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছেন সিপিএ কর্মকর্তারা।
এ বিষয়ে সিপিএ'র সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'জাহাজটি আটকে পড়লেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।'
তিনি আরও বলেন, 'নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।'
