ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার বিকেলে লুডু খেলাকে কেন্দ্র করে বাইগদা বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ছেলে নীরব (১১)-কে থাপ্পড় মারে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াছিনের মাথা ফেটে যায়।
এরই জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই হামদু মিয়া নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
