মত প্রকাশের সভ্য মান থাকা উচিত: রিজভী
মত প্রকাশেরও সভ্য মান থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, 'আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। রাজনৈতিক দল মত প্রকাশ করবে—সেটা করুক। কিন্তু মনে রাখতে হবে, মত প্রকাশেরও তো একটি সভ্য মান থাকা উচিত। সভ্য ভাষা ও সভ্য শব্দ ব্যবহার করা উচিত।'
বুধবার (২৯ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গতকালের হবিগঞ্জের ঘটনা নিয়ে জানতে চাইলে রিজভী বলেন, 'প্রতিনিয়ত উসকানিমূলক কথা বলা হয়। তা গণতন্ত্রের বিকাশ ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য সহায়ক হবে না। সে ক্ষেত্রে সবাইকে সহনশীল হতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে এবং এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আমাদের পরস্পরের আলোচনা, সমালোচনা ও তর্ক-বিতর্ক কোনো ধরনের সংঘাতের দিকে না যায়।'
তিনি বলেন, 'সংঘাতের সৃষ্টি হয় উসকানিমূলক বক্তব্য, অশ্রাব্য ভাষা এবং মিথ্যা অপপ্রচার থেকে।'
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে রিজভী বলেন, '১৭ বছরের নিরন্তর ও রক্তঝরানো সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিপুল শক্তির বিস্ফোরণ ঘটেছে। ২০২৪ সালের জুলাই মাসে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের আবহ তৈরি করেছিল, তা কোনো জাতির ভুলে যাওয়ার ইতিহাস নয়। এটি সব সময় স্মরণীয় হয়ে থাকার মতো ইতিহাস।'
তিনি বলেন, 'অসংখ্য ছাত্রছাত্রী এবং কিশোর-কিশোরীর আত্মত্যাগ ও আত্মাহুতির মধ্য দিয়ে এক ভয়ংকর, রক্তপিপাসু, দানবীয় ফ্যাসিবাদের পতন হয়েছে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
